admin
প্রকাশ: ২০১৮-০৬-০২ ২১:৫৬:২৪ || আপডেট: ২০১৮-০৬-০২ ২১:৫৬:২৪

বীর কন্ঠ ডেস্ক :
চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার বলেছেন, মাদকের উৎস মুখ বন্ধ করতে না পারলে মাদক নির্মূল করা অত্যন্ত কঠিন হবে।শনিবার সিএমপি সদর দপ্তরে মাদকদ্রব্য ধ্বংস পূর্ব এক বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিএমপি কমিশনার কবলেন, দেশে ১০টি জায়গা দিয়ে হয়ত মাদক আসে। আর এই মাদক ছড়িয়ে পড়ছে দেশের ৫০ হাজার জায়গায় ৫০ হাজার মানুষের হাতে। সবাইকে আইনের আওতায় আনা অত্যন্ত দুরূহ। আমরা উৎস মুখটাকে যদি বন্ধ করতে পারি, তাহলে কিন্তু মাদককে নির্মূল করা অনেকটাই সহজ হয়ে যায়।
ইকবাল বাহার বলেন, মাদক প্রতিরোধে কয়েকটি ধাপে আমরা কাজ করছি। মানুষকে সচেতন করে পাড়া-মহল্লায় মাদকবিরোধী কমিটি করা। স্থানীয়দের কাছ থেকে তথ্য নিয়ে মাদক সংশ্লিষ্টদের চিহ্নিত করা। আমরা সবাই একাট্টা হয়ে যদি চেষ্টা করি, তাহলে এ জাতিকে মাদকমুক্ত করা সম্ভব হবে।
নগরের বরিশাল কলোনিকে বিষফোঁড়া উল্লেখ করে ইকবাল বাহার বলেন, আমরা এই আখড়া ধ্বংস করে দিয়েছি। পুরো নগরীতে ১৪৫টি মাদকের স্পটের অধিকাংশ বন্ধ করে দিয়েছি। আরও যেগুলো আছে সেগুলো আমরা ধ্বংস করে দেবো। সেজন্য পুলিশ সর্বোতভাবে চেষ্টা করবে।
মাদক কারবারি পুলিশের ব্যাপারে তিনি বলেন, গত বছর আটজন পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। তাদের জেলে দিয়েছি। আমি মনে করি, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।
অনুষ্ঠানে ১৫ লাখ ৩৮ হাজার ইয়াবা এবং নয় কেজি ৮‘শ গ্রাম গাঁজা ধ্বংস করা হয়। আরও ১৫ লাখ ইয়াবা সিএমপির মালখানায় রয়েছে। আদালতের আদেশ আসলে এগুলোও ধ্বংস করা হবে বলেন সিএমপি কমিশনার।