admin
প্রকাশ: ২০১৮-০৬-০৪ ২৩:১৩:১৩ || আপডেট: ২০১৮-০৬-০৪ ২৩:১৩:১৩

বীর কন্ঠ ডেস্ক :
ফেনী সদর উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নুরু আলম (৩৩) নামে একজন নিহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি দোকান পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। সোমবার সন্ধ্যায় শহরের ট্রাংক রোডের ছেরাজ হার্ডওয়্যার দোকানে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ওই দিন সন্ধ্যায় ছেরাজ হার্ডওয়ারে পরপর কয়েকটি সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে পার্শ্ববর্তী আর কে হার্ডওয়্যারসহ বেশ কয়েকটি দোকানে আগুন লেগে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসকর্মীরা সেখান থেকে নুরুল করিমের পোড়া লাশ উদ্ধার করে।
নিহত নুরুল করিম ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের নুরুল করিমের ছেলে। তিনি ছেরাজ হার্ডওয়্যার দোকানের কর্মচারী ছিলেন।
ফেনী ফায়ার সার্ভিসের স্টাফ অফিসার মো. জসিম উদ্দিন জানান, সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করা হয়।
আধুনিক ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অসীম কুমার সাহা অগ্নিকাণ্ডে একজন নিহতের সত্যতা নিশ্চত করেছেন।- যুগান্তর