চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

ইমরান এইচ সরকারকে আটক

প্রকাশ: ২০১৮-০৬-০৬ ১৯:৩৩:৫১ || আপডেট: ২০১৮-০৬-০৬ ১৯:৩৩:৫১

 গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে রাজধানীর শাহবাগ এলাকা থেকে র‍্যাব-৩ তাকে আটক করে। গণজাগরণ মঞ্চের মুখপাত্রকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান।

জানা গেছে, মাদকবিরোধী অভিযানে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে পূর্বঘোষিত সমাবেশে যোগ দিতে বিকাল ৪টার দিকে জড়ো হতে থাকেন গণজাগরণ মঞ্চের কর্মীরা।

বিকাল ৪টার একটু পরে সেখানে পৌঁছান গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। সেখানে জড়ো হওয়া মঞ্চের নেতাকর্মীরা মাদকবিরোধী অভিযানে নির্বিচারে মানুষ হত্যার বিরুদ্ধে ‘জাগো বাংলাদেশ’ বলে স্লোগান দিতে থাকেন।

একপর্যায়ে জাতীয় জাদুঘরের সামনে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে কথা বলছিলেন ইমরান এইচ সরকার। এসময় ঘটনাস্থলে একটি মাইক্রোবাস থেকে সাদা পোশাকধারী ৭-৮ জন র‍্যাব সদস্য নেমে তাকে মাইক্রোবাসে তুলে নেন। কাছেই র‍্যাবের আরও চারটি গাড়ি ছিল।

ইমরান এইচ সরকারকে তুলে নিয়ে যেতে দেখে গণজাগরণ মঞ্চের কর্মীরা বাধা দেন। এসময় র‍্যাবের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয় এবং কয়েকজনকে লাঠিপেটা করে র‍্যাব সদস্যরা।

এসময় ছাত্র ইউনিয়নের ছয় নেতাকর্মী আহত হন। তারা হলেন- লিটন নন্দী, দিপক শীল, মানিক রায়, ফয়জুল্লাহ, মীম আরাফাত ও অনন্য সাহা। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *