admin
প্রকাশ: ২০১৮-০৬-১১ ০০:০৪:৫৫ || আপডেট: ২০১৮-০৬-১১ ০০:০৪:৫৫

রাঙ্গুনিয়া প্রতিনিধি:
রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিষয়ে হামলার ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছে। নিহতের নাম মো. নাছির (২১)। আহত হয়েছে তার মা সহ ও দুই বোন। উপজেলার পারুয়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড কোকানিয়া গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় রোববার (১০ জুন) রাঙ্গুনিয়া থানায় ৬ জনকে আসামী করে মামলা করেছে নিহতের বোন নাছিমা আক্তার। হামলার ঘটনায় জড়িতরা পলাতক রয়েছে বলে পুলিশ জানায়।
স্থানীয় ও পুলিশের সাথে কথা বলে জানা যায়, উপজেলার পারুয়া ইউনিয়নের কোকানিয়া গ্রামের মৃত দৌলতুর রহমানের পরিবারের সাথে পাশ্ববর্তী আইয়ুব আলীর পরিবারের বিভিন্ন বিষয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার (৭ জুন) সকালে বৃষ্টিপাত শুরু হলে আইয়ুব আলীর উঁচু ভিটের পানি দৌলতুর রহমানের ঘরে প্রবেশ করছিল। পানি আটকাতে দৌলতুর রহমানের পুত্র মো. নাছির ভিটের সীমানায় কয়েকটা বালির বস্তা দেয়। প্রতিপক্ষের লোকজন বালির বস্তা তাদের ভিটের সীমানায় প্রবেশ করেছে জানালে দুইপক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। পরের দিন শুক্রবার একই বিষয়ে আবারও বাকবিতন্ডার একপর্যায়ে আইয়ুব আলী ও তার পরিবারের লোকজন দা, কিরিচ ও লাঠিসোঠা নিয়ে তাদের উপর হামলা চালায়। হামলায় আইয়ুব আলীর ছেলে সোহেলের দেওয়া একটি কিরিচের কোপ নাছিরের মাথায় গিয়ে লাগে। তাকে বাঁচাতে তার মা হোছনে আরা বেগম পাখি (৬৫) ও তার দুই বোন নাছিমা আক্তার (৩৫) ও সাজু আক্তার মুন্নি (৩০) এগিয়ে গেলে তাদেরও মেরে মাথা ফেটে দেয় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর যখম করে। তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। পরে চন্দ্রঘোনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৯ জুন) রাত সাড়ে ৯টায় তার মৃত্যু হয়। ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন এবং রোববার (১০ জুন) সকালে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
মামলার বাদী ও নিহতের ছোট বোন নাছিমা আক্তার বলেন, ‘আমাদের ৭ বোনের মধ্যে নাছির একমাত্র ভাই ছিল। আইয়ুব আলী ও তার পুত্ররা বিভিন্নভাবে আমাদের নির্যাতন করতো। তার পুত্র সোহেল মদ খেয়ে আমাদের ঘরে ঢোকেও আমাদের নির্যাতনের চেষ্ঠা চালাতো। বালির বাঁধ দেয়া কোন বিষয় না তারা পরিকল্পীত ভাবে হামলা চালিয়ে আমার ভাইকে হত্যা করেছে এবং আমাদেরও মেরে ফেলার চেষ্ঠা চালিয়েছে।’
রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঞা বলেন, ‘নিহত নাছিরের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।’