চট্টগ্রাম, , রোববার, ২৫ অক্টোবর ২০২৬

admin

গণতন্ত্রের মা’কে জেলে ঢুকিয়ে সরকার এখন জনগণের ভয়ে অস্থির: আমির খসরু

প্রকাশ: ২০১৮-০৬-১৭ ১৯:৫৪:১৩ || আপডেট: ২০১৮-০৬-১৭ ১৯:৫৪:১৩

বীর কন্ঠ ডেস্ক :

তাণ্ডব সৃষ্টি করে বেশি দিন ক্ষমতায় থাকা যায় না। আগে বাকশাল করেও পারেনি। আর এখন দলীয় সন্ত্রাসের মাধ্যমে তাণ্ডব সৃষ্টি করে ক্ষমতায় বেশিদিন টিকে থাকতে পারবে না। রোববার দুপুরে চট্টগ্রামে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, গণতন্ত্রের মা’কে জেলে ঢুকিয়ে সরকার এখন জনগণের ভয়ে অস্থির। তাদের মধ্যে এমন ভয়-ভীতি ঢুকেছে যে পবিত্র ঈদের দিনকেও তারা সম্মান দেখাতে পারছে না, ভয় পাচ্ছে। বিএনপির নেতাদের ঘর থেকে বের হতে দিচ্ছে না, মিথ্যা মামলা দিচ্ছে। গুম, খুন, হত্যার মাধ্যমে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। কিন্তু তাদের এতসব অগণতান্ত্রিক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কোনো লাভ হচ্ছে না। তাদের পরাজয় নিশ্চিত।

সাবেক এই মন্ত্রী বলেন, ঈদ আমাদের জন্য নয়। খালেদা জিয়াকে জেলে রেখে আমরা তো ঈদ উদযাপন করতে পারি না। এই দেশকে তারা বন্দি করে রেখেছে। বন্দিশালার মধ্যে কোনো ঈদ হয় না।

তিনি নিজের গায়ের পাঞ্জাবি দেখিয়ে বলেন, এই যে দেখেন আমি আজ পুরনো কালো পাঞ্জাবি পরেছি। শুভেচ্ছা বিনিময় করতে হচ্ছে নেতাকর্মীদের উৎসাহ জোগান দিতে। দেশের মানুষের ভোটাধিকার ও দেশের মালিকানা ফিরে পাওয়ার জন্য। বাকস্বাধীনতা ফিরে পাওয়ার জন্য বাংলাদেশের মানুষ অবতীর্ণ হয়েছে। জনগণকে সাথেই নিয়ে আন্দোলনে জয়ী হবেন বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

আমির খসরু মাহমুদ বলেন, জনগণের ওপর সরকারের কোনো নির্ভরশীলতা নেই। তাদের নির্ভরশীলতা রাষ্ট্রীয় সন্ত্রাসে। তাই সরকার জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে। কাউকে ঘর থেকে বের হতে দেবে না, গুম, খুন আর মিথ্যা মামলা দিয়ে জনগণকে হয়রানি করছে। এভাবে বিশ্বের  কোনো দেশে কোনো স্বৈরাচারী সরকার টিকেনি, বাংলাদেশেও টিকবে না।

কারাবন্দি বেগম খালেদা জিয়ার বিষয়ে তিনি বলেন, রাজনৈতিকভাবে পরাজিত হয়ে এখন একদলীয়ভাবে নির্বাচন করার জন্য বেগম খালেদা জিয়াকে জেলে বন্দি করে রেখেছে। এটা কোনো বিচারিক সিদ্ধান্ত নয়, রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *