admin
প্রকাশ: ২০১৮-০৬-২২ ১৯:০৩:৫০ || আপডেট: ২০১৮-০৬-২২ ১৯:০৪:৩৪

রাঙ্গুনিয়া প্রতিনিধি :
রাঙ্গুনিয়ায় অভিনব পন্থায় পাচারকালে সিএনজি অটোরিকশা ভর্তি চোলাই মদ জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ জুন) রাত ১১টার দিকে উপজেলার পোমরা ইউনিয়নের গোচরা বাজার থেকে স্থানীয় জনতার সহায়তায় এসব চোলাই মদ ভর্তি সিএনজি অটোরিকশাটি (চট্টগ্রাম-থ-১৩-১১৬৫) জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি ফেলে চালক পালিয়ে যায়। পলাতক চালক ও জব্দকৃত সিএনজি অটোরিকশার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
রাঙ্গুনিয়া থানার উপ পরিদর্শক মোহাম্মদ ইসমাঈল হোসেন জুয়েল বলেন, ‘গোপন সংবাদে উপজেলার গোচরা বাজারের হাজিপাড়া সড়কের জামে মসজিদের সামনে আগে থেকে সতর্ক অবস্থানে থাকে স্থানীয় জনতা সহ পুলিশ। ঐ সিএনজি অটোরিকশাটি আসার সময় এটিকে দাড়াতে বললে গাড়ি ফেলে পালিয়ে যায় এর চালক। পরে অটোরিকশাটির ইঞ্জিন বক্সের ভেতরে অভিনব পন্থায় রাখা ২০ ফুটলি পলিথিনে মোড়ানো ১ শত লিটার চোলাই মদ পাওয়া যায়। উদ্ধারকৃত চোলাই মদ ভর্তি সিএনজি অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। রাঙ্গামাটির বেতবুনিয়া এলাকা থেকে পোমরার হাজীপাড়া সড়ক দিয়ে এনে এসব চোলাই মদ চট্টগ্রাম শহরে প্রেরণ করা হচ্ছিল। চালক পলাতক হলেও তাকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে এবং তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।’