চট্টগ্রাম, , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

admin

সীতাকুণ্ডে বেড়াতে এসে সাগরে ভেসে প্রাণ গেল দুই পর্যটকের

প্রকাশ: ২০১৮-০৬-২২ ১৯:৪৬:০০ || আপডেট: ২০১৮-০৬-২২ ১৯:৪৬:০০

বীর কন্ঠ ডেস্ক :

সীতাকুণ্ডে বেড়াতে এসে সাগরে ভেসে প্রাণ গেল দুই পর্যটকের। বৃহস্পতিবার দুপুরে নিখোঁজের পর শুক্রবার তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার বাসিন্দা নাজমুল হাসান ইমন (১৯) ও রাজ (১৮)। তারা একে অপরের খালাতো ভাই।

সীতাকুণ্ডে ভ্রমণে আসা ৯ জনের পর্যটক দলের সদস্য মো. আরিফুর রহমান যুগান্তরকে বলেন, দুপুরে আমরা গোসল করার জন্য বাঁশবাড়িয়া বিচে গিয়ে সাগরের পানিতে গোসল করতে নামি।

অনেকক্ষণ থাকার পর পাড়ে এলে অন্যদের চিৎকারে এগিয়ে দেখি আমাদের দুই বন্ধু ইমন ও রাজ পানিতে ভেসে যাচ্ছে। এরপর পানির একটি ঢেউ তাদের আমাদের চোখের সামনে থেকে উধাও করে ফেলে।

আহাদ হোসেন নামে আরেক পর্যটক বলেন, আমিও পানিতে ডুবে যাচ্ছিলাম। আমার মুখে লোনা পানি ঢুকে পড়ে। আমাকে পানির একটি ঢেউ টেনে নিয়ে যেতে থাকে। বুক পরিমাণ পানিতে নিয়ে যায়। পরবর্তীতে চিৎকার করলে আমাকে একটি ছেলে এসে উদ্ধার করে।

তিনি আরও বলেন, ইমন ও রাজ আপন খালাতো ভাই। ইমন ডুবে যাওয়ার সময় রাজ তাকে বাঁচাতে গেলে তাকেও সমুদ্রের ঢেউ টেনে নিয়ে যায়।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ওয়াসি আজাদ বলেন, শুক্রবার দুপুর ৩টার দিকে রাজের লাশ জেলেদের খুঁটির সঙ্গে আটকানো অবস্থায় নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের যৌথ টিম উদ্ধার করে।

যেখান থেকে রাজের লাশ উদ্ধার করা হয় তার কিছু দূরে ইমনের লাশ ভেসে ওঠে। লাশ দুটি উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরবর্তী কার্যক্রম শেষে পরিবারের কাছে লাশগুলো হস্তান্তর করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *