admin
প্রকাশ: ২০১৮-০৬-২৪ ১৬:১৫:১৯ || আপডেট: ২০১৮-০৬-২৪ ১৬:১৫:১৯

মোহাম্মদ ইলিয়াছ :
লোহাগাড়া উপজেলার চরম্বা রাজঘাটা এলাকায় টংকাবতী খালের ভাঙনের কবলে পড়ছে ঘর-বাড়ি ও রাস্তাঘাট।
ইউপি সদস্য এনামুল হক জানান, গত বর্ষায় প্রায় ১৪টি পরিবার খালের গর্ভে বিলীন হয়েছে। চলতি বর্ষায় এ পর্যন্ত ৩টি ঘর-বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। প্রায় ৪০টি ঘর-বাড়ি খালের গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে টংকাবতী খাল সংলগ্ন পশ্চিম রাজঘাটা-কলাউজান-আদারচর সড়ক খালের গর্ভে বিলীন হচ্ছে। বর্তমানে খাল সংলগ্ন এ সড়কে যাতায়াত ব্যবস্থা বন্ধ রয়েছে। দ্রুত পদক্ষেপ না নিলে চলতি বর্ষায় রাস্তাঘাট আরো ভাঙনের কবলে পড়বে এবং গৃহহীন হবে আরো পরিবার।
এলাকাবাসী জানান, রাজঘাটা এলাকায় টংকার ভাঙনে শুধু রাস্তাঘাট ও ঘর-বাড়ি নয়, কৃষি জমিও বিলীন হয়ে যাচ্ছে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মাস্টার শফিকুর রহমান জানান, চরম্বা রাজঘাটা এলাকার টংকাবতী খালের বেড়িবাঁধ ভেঙে যাওয়াতে রাস্তাঘাট ও ঘর-বাড়ি খাল গর্ভে বিলীন হচ্ছে। খালটির ভাঙনের ব্যাপারে বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে তিনি দাবি করেন।