admin
প্রকাশ: ২০১৮-০৬-২৪ ১৬:৪৫:২৪ || আপডেট: ২০১৮-০৬-২৪ ১৬:৪৫:২৪

স্পোর্টস ডেস্ক:
২৪ জুন। ১৯৮৭ সালের এই দিনটিতে জন্মগ্রহণ করেন বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবল তারকা লিওনেল আন্দ্রেস মেসি। বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড ৩১ পেরিয়ে আজ ৩২ বছরে পা দিলেন। জন্মদিনের শুভেচ্ছা রইলো ফুটবলের জাদুকর মেসির জন্য।
ছোটবেলা থেকেই শান্ত ও লাজুক ছেলেটির একটাই শখ আর নেশা-ফুটবল। হঠাৎ-ই আট-দশটা শিশুর মতো বেড়ে ওঠায় বাধ সাধে গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি নামের বিরশ এক রোগ। ডাক্তাররা জানিয়ে দিয়েছিল তার পক্ষে ফুটবল খেলা চালিয়ে যাওয়া অসম্ভব। এর পরই মেসির ফুটবল ক্যারিয়ারের স্বার্থেই আর্জেন্টিনার রোজারিও থেকে বার্সেলোনায় পাড়ি দেয় তার পরিবার। ২০০০ সালে চলে আসেন বার্সেলোনায়। যুব দল পেরিয়ে ২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে নাম লেখান বার্সেলোনার সিনিয়র দলে।
এরপর ২০০৪ সালের অক্টোবরে মাত্র ১৭ বছর বয়সে বার্সেলোনার হয়ে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেন মেসি। লা মাসিয়া থেকে উঠে আসা এই আর্জেন্টাইন ক্যারিয়ারের পুরোটা সময় জুড়ে কাতালুনিয়ার দলটিকে দিয়েছেন মুঠোভরে, দিয়ে যাচ্ছেন এখনও।
তবে আর্জেন্টিনার হয়ে এখনো তেমন কোনো শিরোপা না জিতলেও দু’বার হয়েছেন কোপা আমেরিকা রানার্সআপ, ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপেও থেমেছেন ফাইনালে গিয়ে। ফুটবল বিশ্বকাপের গোল্ডেন বল জেতার রেকর্ডও রয়েছে তার। সব মিলিয়ে জাতীয় দলের হয়ে ১২৬ ম্যাচ খেলে ৬৪টি গোল ও ৩৮টি এসিস্ট করেছেন মেসি।
২০০৯ থেকে ২০১২ পর্যন্ত টানা চারবার জিতেছেন ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। ২০১৫ সালে এই পুরস্কারটা জিতেছেন পঞ্চমবারের মতো। একের পর এক রেকর্ড গড়ে আর মাইলফলক পাড়ি দিয়ে হয়ে উঠেছেন এসময়ের অন্যতম সেরা ফুটবলার।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইতোমধ্যেই ভক্তরা শুভ জন্মদিন বলে শুভেচ্ছা জানাচ্ছে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এ ফুটবল কিংবদন্তিকে।
কিন্তু সত্যিই কি আজ শুভ দিন কাটাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক? নিজের জন্মদিন হলেও দিনটা ভালো কাটছে না মেসির। কেননা রাশিয়া বিশ্বকাপে দুটো ম্যাচ শেষ হলেও দ্বিতীয় রাউন্ড এখনো নিশ্চিত হয়নি দু’বারের বিশ্বচ্যাম্পিয়নদের। তবে তাদের সম্ভাবনা এখনো রয়েছে। তাই মেসি ভক্তরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচে নিজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করার অনুপ্রেরণাও জোগাচ্ছেন।
সেই ম্যাচের আগে জন্মদিনে ফুটবলের জাদুকর লিওনেল মেসির জন্য অনেক অনেক শুভেচ্ছা।