চট্টগ্রাম, , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

admin

বাস দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু 

প্রকাশ: ২০১৮-০৬-২৫ ০১:১২:২৩ || আপডেট: ২০১৮-০৬-২৫ ০১:১২:২৩

রাঙ্গুনিয়া প্রতিনিধি :

রাউজানে মর্মান্তিক বাস দুর্ঘটনায় আহত যুবক মো. সুমনের (৩০) মৃত্যু হয়েছে। দুর্ঘটনার দুইদিন পর রবিবার (২৪ জুন) ভোরে চিকিৎসাধিন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত সুমন রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড নইন্যার পাড়া এলাকার ডাক্তার ওয়াকিল আহমদের একমাত্র পুত্র।

স্থানীয় ইউপি সদস্য আবদুল করিম বলেন, নিহত সুমন ঈদের ছুটি শেষে তার চাচাতো ভাই মো. রায়হান সহ তার নিজ কর্মস্থল কক্সবাজারে ফিরে যাচ্ছিলেন। গত শুক্রবার (২২ জুন) বিকেল পাহাড়িকা পরিবহনের একটি বাসে করে চট্টগ্রাম-রাঙামাটি সড়ক দিয়ে যাওয়ার পথে বাসটি রাউজান উপজেলার রাবার বাগান পিংক সিটি এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলে একজন নিহত হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে আরো দুই যাত্রীর মৃত্যু হয়। এই ঘটনায় সুমন ও তার চাচাতো ভাই রায়হান গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সুমনের বুকে গুরুতর ক্ষত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঐদিনই রাত ১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২৪ জুন) ভোরে তার মৃত্যু হয়। এই ঘটনায় আহত তার চাচাতো ভাই রায়হান এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে পরিবারের একমাত্র পুত্রের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শোকে বার বার মূর্ছা যাচ্ছে তার পরিবার ও স্বজনরা।

বাস দুর্ঘটনায় নিহত অন্যান্যরা হলেন হাটহাজারী উপজেলার মোহাম্মদ ইউসুফ (৫৫), রাঙ্গুনিয়া উপজেলার মো. নয়ন (৩) ও অজ্ঞাতনামা আনুমানিক পাঁচ বছর বয়সী এক শিশু।

এই ঘটনায় আরো অন্তত ২০ জন আহত হয়েছে। তাদের চট্টগ্রাম মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অনেকের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *