admin
প্রকাশ: ২০১৮-০৭-০৩ ১৩:২০:৪১ || আপডেট: ২০১৮-০৭-০৩ ১৩:২০:৪১

বীর কন্ঠ ডেস্ক :
চট্টগ্রামে মঙ্গলবার সকাল নয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১২৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
অতিবৃষ্টি আর জোয়ারের পানি প্রবেশ করে চট্টগ্রামের বিভিন্ন এলাকা ডুবে গেছে। স্বাভাবিকের চেয়ে তিনগুণ বেশি বৃষ্টিপাতের কারণে জলমগ্ন হয়ে পড়েছে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকা।
চকবাজার, কাপাসগোলা, বাকলিয়া, আগ্রবাদ সিডিএ আবাসিক, বেপারি পাড়াসহ অনেক স্থানেই হাঁটু সমান পানি জমে গেছে। একই সঙ্গে জোয়ারের পানি যোগ হয়ে বেড়েই চলেছে এলাকার পানি।
মঙ্গলবার সকালে সড়কে পানি থাকায় রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা ছাড়া কোনো যানবাহন দেখা যায়নি। ওই সময় দুই-তিনগুণ ভাড়ার গুনে গন্তব্যে যেতে হয়েছে কর্মজীবীদের।
এদিকে বিদ্যালয়গুলোতে দ্বিতীয় সাময়িক পরীক্ষা থাকায় শিক্ষার্থী-অভিভাবকদের সড়কের পানি ও বৃষ্টি উপেক্ষা করে ঘর থেকে বের হয়েছেন।
পতেঙ্গা আবহাওয়া অফিস সহকারী আবহাওয়াবিদ আবদুল হান্নান জানান, বর্ষা মৌসুমের বৃষ্টি হচ্ছে। এটি কয়েকদিন অব্যাহত থাকবে। দুয়েক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তিনি বলেন, মঙ্গলবার সকাল নয়টার আগ পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ১২৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। যা স্বাভাবিক সময় ৪৫ থেকে ৫০ মিলিমিটার হওয়ার কথা।