Faruque Khan
Executive Editor
প্রকাশ: ২০১৮-০৭-০৩ ১৬:৩৭:৫৩ || আপডেট: ২০১৮-০৭-০৩ ১৬:৩৭:৫৩

ফারুক খান তুহিন, বীরকন্ঠ :
অতি বৃষ্টির কারনে প্লাবিত হয়েছে বান্দরবানের নিম্নাঞ্চল । বেড়েছে সাধারণ মানুষের দূর্ভোগ । বান্দরবানের সাথে চট্টগ্রাম-কক্সবাজারের সড়ক যোগাযোগও সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে । পাহাড় ধসে প্রাণহানীর ঘটনাও ঘটেছে ।
সোমবার দিবাগত রাত থেকে বৃষ্টিপাতের মাত্রা বাড়তে থাকে । আজ মঙ্গলবার সকাল থেকে বান্দরবানে বৃষ্টিপাত রেকর্ড ছাড়িয়েছে । ফলে জেলা শহর ও আশে-পাশের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে ।

প্রাপ্ত তথ্যমতে, সাঙ্গু নদীর প্রবাহমান পানি ও বানের পানি একাকার হয়ে তলিয়ে গেছে শহরের কাশেম পাড়া, ইসলামপুর, ওয়াপদা ব্রিজ, আর্মি পাড়া ও বনানী স’মিল এলাকা । এতে কমপক্ষে ১ হাজার পরিবারের ৩ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে ।
অন্যদিকে ৩ নং সদর ইউনিয়নের রেইছা বাজার পাড়া ও থলিপাড়ার লোকজনও সাময়িক পানিবন্দি হয়ে পড়ে ।

জেলা শহরের কালাঘাটা এলাকার বড়ুয়া পাহাড় ধসে প্রতিমা রানী দাশ নামে এক নারী নিহত হয়েছেন। দমকল বাহিনীর কর্মীরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে মাটির নিচ থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। ঘটনার পর জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, পৌর মেয়র ইসলাম বেবীসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এদিকে রেইছা বাজার কবরস্থান এলাকায় পাহাড় ধস হয়েছে বলে জানাগেছে । এতে করে কেবি সড়কে যানবাহন চলাচল সাময়িক বন্ধ ছিল । একই সড়কের বড়দোয়ারা এলাকায় পানি ওঠার কারনে বান্দরবানের সাথে চট্টগ্রাম ও কক্সবাজারের যোগাযোগ বন্ধ হয়ে গেছে ।

অন্যদিকে পলুপাড়ায় একটি ব্রেইলি ব্রিজ প্লাবিত হওয়ায় বান্দরবানের সাথে রাঙ্গামাটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে ।