admin
প্রকাশ: ২০১৮-০৭-০৭ ১৭:১১:১৯ || আপডেট: ২০১৮-০৭-০৭ ১৭:১১:১৯

বীর কন্ঠ ডেস্ক :
চট্টগ্রামের বেসরকারি ম্যাক্স হাসপাতালে শিশু রাইফার মৃত্যুর ঘটনার তদন্তে চিকিৎসায় অবহেলার প্রমাণ পাওয়ায় দুই চিকিৎসককে চাকরিচ্যুত করা হয়েছে। ওই চিকিৎসকরা হলেন, শিশু ওয়ার্ডে দায়িত্ব পালন করা চিকিৎসক ডা. দেবাশীষ সেন গুপ্ত ও ডা. শুভ্র দেব।বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির পরিচালক ডা. লিয়াকত আলী খান।
গত ২৮ জুন (বৃহস্পতিবার) বিকালে দৈনিক সমকালের চট্টগ্রাম ব্যুরোর জ্যেষ্ঠ প্রতিবেদক রুবেল খানের আড়াই বছর বয়সী মেয়ে রাইফা গলায় ব্যথা নিয়ে চট্টগ্রাম শহরের মেহেদীবাগ এলাকার ম্যাক্স হাসপাতালে ভর্তি হওয়ার পরদিন রাতে তার মৃত্যু হয়।
চিকিৎসায় অবহেলা ও ভুল চিকিৎসায় রাইফার মৃত্যু হয়েছে অভিযোগ করে বিক্ষোভ করেন সাংবাদিকরা। পরে এ মৃত্যুর ঘটনা তদন্তে স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি কমিটি করে দেওয়া হয়। এর পাশাপাশি চট্টগ্রামের সিভিল সার্জনের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটিও এ ঘটনার তদন্ত করে।
বৃহস্পতিবার (৫ জুলাই) রাতে সিভিল সার্জনের নেতৃত্বাধীন কমিটি তদন্তের প্রতিবেদন দেয়। এ দুই চিকিৎসকের পাশাপাশি প্রতিবেদনে শিশু বিশেষজ্ঞ বিধান রায়কেও চিকিৎসায় অবহেলার দায়ে অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
ম্যাক্স হাসপাতালের তিন চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত কমিটির প্রতিবেদনে চিকিৎসায় অবহেলার অভিযোগে যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করা হয়। এছাড়া ম্যাক্স হাসপাতালের ত্রুটিপূর্ণ চিকিৎসা ব্যবস্থা অতি দ্রুত সংশোধন, ডিপ্লোমাধারী নার্স দিয়ে চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং ম্যাক্স হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের সার্বক্ষণিক দ্রুত ও আন্তরিক সেবা নিশ্চিত করার কথা বলা হয়েছে।