চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

Faruque Khan Executive Editor

চট্টগ্রামে বেসরকারি চিকিৎসা সেবাকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

প্রকাশ: ২০১৮-০৭-০৮ ২২:০২:২৬ || আপডেট: ২০১৮-০৭-০৮ ২২:০২:২৬

নিউজ ডেস্ক : চিকিৎসকের কারণে শিশু রাইফার মৃত্যু হয়েছে, এমন অভিযোগের মুখে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালসহ আরও দুই বেসরকারি হাসপাতালে র‌্যাবের অভিযানের প্রতিবাদে বৃহত্তর চট্টগ্রামের বেসরকারি হাসপাতালগুলোতে অনির্দিষ্টকালের জন্য সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন বেসরকারি হাসপাতালের মালিকরা।

৮ জুলাই, রবিবার দুপুরে নগরীর জিইসি মোড়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কার্যালয়ে জরুরি সভা শেষে প্রাইভেট হসপিটাল অ্যান্ড ল্যাব ওনারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ম্যাক্স হাসপাতালের পরিচালক ডা. লিয়াকত আলী খান এ ঘোষণা দেন।

অবশ্য ডা. লিয়াকত আলী খান জানান, হাসপাতালগুলোতে ভর্তি থাকা রোগীরা এই ঘোষণার আওতায় পড়বেন না। তাদের চিকিৎসা চলবে।

এ ছাড়া বেসরকারি চিকিৎসকরা প্রয়োজনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে রোগীদের সেবা দিতে পারবেন বলে ম্যাক্স হাসপাতালের এই পরিচালক জানান। হাসপাতাল মালিকদের এই ঘোষণার সঙ্গে সংহতি প্রকাশ করেছেন বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি মুজিবুল হক খান।

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেদীবাগ এলাকার ম্যাক্স হাসপাতাল, ওআর নিজাম রোডের মেট্রোপলিটন হাসপাতাল আর প্রবর্তক মোড়ের সিএসসিআর হাসাপাতালে একযোগে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান চালায়।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি হিসেবে ডা. দেওয়ান মাহমুদ মেহেদি হাসানও উপস্থিত রয়েছেন সেখানে।

দৈনিক সমকালের চট্টগ্রাম ব্যুরোর জ্যেষ্ঠ প্রতিবেদক রুবেল খানের আড়াই বছর বয়সী মেয়ে রাইফা গলায় ব্যথা নিয়ে গত ২৮ জুন বিকালে ম্যাক্স হাসপাতালে ভর্তি হওয়ার পর ২৯ জুন রাতে তার মৃত্যু হয়।

এই মৃত্যু ভুল চিকিৎসা ও চিকিৎসকের অবহেলার কারণে হয়েছে অভিযোগ করে বিক্ষোভ করেন চট্টগ্রামের সাংবাদিকরা। পরে ঘটনা তদন্তে স্বাস্থ্য অধিদফতর থেকে একটি কমিটি করে দেওয়া হয়। পাশাপাশি চট্টগ্রামের সিভিল সার্জনের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটিও এ ঘটনার তদন্ত করে।

গত বৃহস্পতিবার রাতে সিভিল সার্জনের নেতৃত্বাধীন কমিটি ম্যাক্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা এবং গাফিলতির প্রমাণ পাওয়ার কথা জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেন। একই সঙ্গে তিন চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয় তাদের প্রতিবেদনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *