Faruque Khan
Executive Editor
প্রকাশ: ২০১৮-০৭-০৮ ২১:৫৩:৪৩ || আপডেট: ২০১৮-০৭-০৮ ২১:৫৩:৪৩
নিউজ ডেস্ক : লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে খারাপ আচরণ করে এক প্রসূতিকে বের করে দেওয়া ও বাইরে সন্তান প্রসবের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
৮ জুলাই, রবিবার দুপুরে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হেসেন ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ জানান, আদালত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের প্রতি আদেশ দিয়ে বলেছে- মন্ত্রণালয়ের একজন, ওষুধ অধিদফতরের একজন, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), চট্টগ্রামের সিভিল সার্জন, চট্রগ্রাম মেডিকেল কলেজের গাইনি বিভাগের ডাক্তারকে দিয়ে কমিটি গঠন করতে হবে।
চলতি বছরের ৯ মে চট্টগ্রামের লোহাগাড়া হাসপাতাল থেকে মরিয়ম বেগম নামের এক প্রসূতিকে বের করে দেন দায়িত্বরত নার্স ছায়া চৌধুরী। পরে হাসপাতালের বাইরে সন্তান প্রসব করেন মরিয়ম। এর কিছুক্ষণের মধ্যেই সেই নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনাটি বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হয়। পরে এ সংক্রান্ত প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে রিট করেন মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) চেয়ারম্যান মনজিল মোরসেদ।
শুনানি শেষে ১১ জুলাই রুল জারি করার পাশাপাশি লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবদুল্লাহ আল মামুন ও জ্যেষ্ঠ নার্স ছায়া চৌধুরীকে তলব করে হাইকোর্ট। একই সঙ্গে তাদের সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলে আদালত।
ভুক্তভোগী মরিয়ম বেগমকে চিকিৎসা দিতে হাসপাতালের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এ ছাড়া নবজাতকের জীবন রক্ষায় হাসপাতালের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং মৃত নবজাতকের পরিবারকে ক্ষতিপূরণ দিতে সংশ্লিষ্ট ডাক্তার ও নার্সদের কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়।
আজ ডাক্তারসহ সংশ্লিষ্ট দুই ব্যক্তি আদালতে এসে ব্যাখা দেন। পরে আদালত এ ঘটনায় কমিটি গঠনের নির্দেশ দেয়। এই কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এর আগে চলতি বছরের ১০ জুন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এইচআরপিবির চেয়ারম্যান মনজিল মোরসেদ রিট করেন।