Faruque Khan
Executive Editor
প্রকাশ: ২০১৮-০৭-১০ ২১:৪৩:৫৭ || আপডেট: ২০১৮-০৭-১০ ২১:৪৩:৫৭

নিউজ ডেস্ক : বিশেষ ক্ষমতা আইনের অভিযোগ এনে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় দায়ের করা মামলা বাতিল চেয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনের ওপর শুনানি আগামী ১৫ জুলাই পর্যন্ত মুলতবি করা হয়েছে।
১০ জুলাই, সোমবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। হাইকোর্টে এ মামলার ওপর তৃতীয় দিনের মতো শুনানি করা হলো।
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট ফারুক হোসেন, মাসুদ রানা ও একেএম এহসানুর রহান। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ।
আদালতের আদেশের বিষয়টি জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের অন্যতম সদস্য অ্যাডভোকেট মাসুদ রানা। মাসুদ রানা জানান, আগামী ১৭ জুলাই রবিবার পর্যন্ত এ মামলার শুনানি মুলতবি করা হয়েছে।
২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি ২০ দলীয় জোটের সরকার পতন আন্দোলনের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে দুষ্কৃতিকারীরা বাসে আগুন লাগিয়ে দেয়। এ ঘটনায় ২০১৭ সালের ২ মার্চ বিশেষ ক্ষমতা আইনে অভিযোগপত্র দাখিল করা হয়। এই মামলা বাতিল চেয়ে ২৭ মে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক ড.আকতারুজ্জামান। সেইদিন থেকেই তিনি পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন।