চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

Faruque Khan Executive Editor

খালেদা জিয়াকে রাজনৈতিক কারণে আটক করেনি, এতিমের অর্থ আত্মসাৎ করে বর্তমানে কারাগারে

প্রকাশ: ২০১৮-০৭-১১ ২১:২৩:৫১ || আপডেট: ২০১৮-০৭-১১ ২১:২৩:৫১

নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাগারে থাকার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার তাকে কোনো রাজনৈতিক কারণে আটক করেনি। তিনি এতিমের অর্থ আত্মসাৎ করে বর্তমানে কারাগারে।

১১ জুলাই, বুধবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন-৪২-এর এমপি নূরজাহান বেগমের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা তাকে রাজনৈতিকভাবে আটক করিনি। এটা চাইলে আমরা ২০১৫ অথবা ২০১৪ সালের দিকেই করতে পারতাম। তিনি আদালতের রায়ে কারাগারে রয়েছেন। দীর্ঘ ১০ বছর এই মামলার কার্যক্রম পরিচালনা হয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপিতে অনেক বিজ্ঞ উকিল ও ব্যারিস্টার রয়েছেন। তবে আদালতে তারা খালেদা জিয়াকে নির্দোষ প্রমাণ করতে পারেননি।’

শেখ হাসিনা আরও বলেন, ‘আদালতের রায়ের আগমুহূর্তে দলের গঠনতন্ত্র (সেকশন-৭) পরিবর্তন করে বিএনপি। কারণ তিনি (খালেদা জিয়া) জানতেন তিনি অপরাধী। দলের গঠনতন্ত্রের সেকশন-৭ পরিবর্তনের মাধ্যমে আদালতে দোষী সাব্যস্ত হলেও বিএনপির নেতৃত্বে থাকার সুযোগ সৃষ্টি হয়েছে।’

শেখ হাসিনা বলেন, ‘এটি নারী জাতি, যারা মায়ের জাত, তাদের জন্য কলঙ্ক। কীভাবে একজন নারী, যিনি কিনা মা, তিনি কীভাবে এতিমের টাকা আত্মসাৎ করেন?’

এ সময় নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সরকারের সময় ছয় হাজারের বেশি স্থানীয় সরকার ও অন্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে কেউ এ নির্বাচন আয়োজনের বিপক্ষে সুনির্দিষ্ট কোনো অভিযোগ উত্থাপন করতে পারেনি।’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *