admin
প্রকাশ: ২০১৮-০৭-১৪ ০২:২৭:৩৩ || আপডেট: ২০১৮-০৭-১৪ ০২:২৭:৩৩

বীর কন্ঠ ডেস্ক :
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কাজিপাড়া এলাকায় নির্মাণাধীন বিল্ডিংয়ের সেপটিক ট্যাংকিতে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এসময় ট্যাংকিতে পড়ে আরও এক শ্রমিক গুরুতর আহত হন বলে জানা গেছে।
পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে তাদের উদ্ধার করে। তাৎক্ষণিক নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার সদর দক্ষিণ উপজেলার কাজিপাড়া এলাকার ইতালি প্রবাসী তোফাজ্জল হোসেন ঠিকাদারের মাধ্যমে বিল্ডিংয়ের কাজ চালান। ৫-৬ মাস আগে সেখানে একটি সেপটিক ট্যাংকি নির্মাণ হয়। নির্মাণের সময় এর ভেতরে কিছু নির্মাণ সামগ্রী ছিল।
শুক্রবার সন্ধ্যায় ফেলে রাখা মালামাল উদ্ধারের জন্য সেপটিক ট্যাংকে প্রবেশ করেন দুই শ্রমিক। কিন্তু দীর্ঘক্ষণ যাবৎ তারা সেখান থেকে ফিরে না আসায় আরও একজন এর ভেতরে প্রবেশ করেন। কিছুক্ষণ পরেই ভেতর থেকে তার চিৎকার শুনে অন্যান্য লোকজন রশি দিয়ে তাকে টেনে তোলেন।
পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন ফায়ার সার্ভিসের লোকজন। এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিস কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক ইয়াহিয়া জানান, খবর পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে পৌঁছি। সেপটিক ট্যাংকের ভেতরে থাকা সেন্টারিংয়ের মালামাল উদ্ধার করতে গিয়ে দুজন শ্রমিক ভেতরে আটকা পড়েন।
তিনি জানান, ঢালাই কেটে তাদেরকে উদ্ধার করে সাথে সাথে হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। উদ্ধার হওয়া অপর শ্রমিকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান এই কর্মকর্তা।
সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল মাহমুদ জানান, খবর পেয়ে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসি। এ বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নেয়া হচ্ছে। দুই শ্রমিকের লাশ কুমেক হাসপাতালের মর্গে রয়েছে।