চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

Faruque Khan Executive Editor

গানের অনুষ্ঠান চলার সময় এক সৌদি নারী মঞ্চে উঠে গায়ককে জড়িয়ে ধরলেন !

প্রকাশ: ২০১৮-০৭-১৫ ১৯:৪৪:৩২ || আপডেট: ২০১৮-০৭-১৫ ১৯:৪৪:৩২

নিউজ ডেস্ক : সৌদি আরবে একটি গানের অনুষ্ঠান চলার সময় এক নারী মঞ্চে উঠে গায়ককে জড়িয়ে ধরায় ওই নারীকে আটক করেছে দেশটির পুলিশ।

১৫ জুলাই, রবিরার বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, ১৩ জুলাই সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় শহর তায়েফে এক গানের অনুষ্ঠানে ‘আরব গানের যুবরাজ’ খ্যাদ মাজিদ আল-মোহান্দিস গান গাইছিলেন। হঠাৎ করেই কালো পোশাক ও নিকাব-পরা এক নারী দৌড়ে এসে মঞ্চে উঠে পড়েন এবং আল-মোহান্দিসকে জড়িয়ে ধরেন।

এর মধ্যেই ছুটে আসেন কয়েকজন নিরাপত্তারক্ষী। তারা ওই নারীকে টেনে ছাড়িয়ে নেন এবং তাকে মঞ্চ থেকে নামিয়ে দেন।

পরে পুলিশ জানায়, ওই নারীকে একটি হাজতে নিয়ে যাওয়া হয়েছে। এবং তার বিরুদ্ধে হয়রানির মামলা আনার কথা বিবেচনা করছেন একজন পাবলিক প্রসিকিউটর।

এ ঘটনার একটি ভিডিও অনলাইনে পোস্ট করা হয়েছে, যাতে দেখা যায় ওই নারী গায়ককে জাপটে ধরেছেন এবং নিরাপত্তারক্ষীরা তাকে ছাড়িয়ে নিতে চেষ্টা করছেন।

সৌদি আরবে নারীদের পারিবারিক সম্পর্ক নেই এমন পুরুষদের সঙ্গে প্রকাশ্যে মেলামেশা করা নিষেধ। এ ছাড়া মদ্যপান, পোশাক এবং নারী-পুরুষকে আলাদা রাখার ব্যাপারে কড়া আইন রয়েছে।

গায়ক মাজিদ আল-মোহান্দিসকে জড়িয়ে ধরা নারীটির নাম জানা যায়নি। তিনি কালো আবায়া এবং মুখ-ঢাকা নেকাব পরা ছিলেন।

আল-মোহান্দিস এ ঘটনা নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে এ ঘটনার কারণে গানের অনুষ্ঠান বন্ধ হয়নি। আল-মোহান্দিস এর পরেও গান করেছেন।

মাজিদ আল-মোহান্দিসের জন্ম ইরাকে হলেও তার সৌদি নাগরিকত্ব রয়েছে।

তবে সৌদি নারীদের প্রকাশ্যে গানের অনুষ্ঠানে যোগ দেবার ব্যাপারে অনেকদিন ধরেই যে নিষেধাজ্ঞা ছিল- তা গত বছর শিথিল করা হয়।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সেদেশে বেশ কিছু সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছেন -যার অধীনে নারীদের গাড়ি চালানো, ফুটবল খেলা দেখা এবং গায়িকাদের অনুষ্ঠানের অনুমতি দেয়া হয়েছে।

তবে মেয়েদের পোশাকের ব্যাপারে এখনে কড়া আইন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *