admin
প্রকাশ: ২০১৮-০৭-২০ ১৪:৫৬:৪৪ || আপডেট: ২০১৮-০৭-২০ ১৪:৫৬:৪৪

বীর কন্ঠ ডেস্ক :
ঢাকায় চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। বর্ষা মৌসুমের মাঝামাঝি সময়ে এসে বছরের সবচেয়ে উষ্ণতম দিনটি পার করল রাজধানীবাসী। বৃষ্টিহীন সারা দিনের সঙ্গে প্রচণ্ড রোদ। যেন নাভিশ্বাস উঠছে নগরবাসীর।
বৃহস্পতিবার (১৯ জুলাই) ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এ তাপদাহের বিষয়ে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ‘আজ বছরের সবচেয়ে গরম দিন গেল ঢাকায়। বৃষ্টিহীন দিনে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরম অনুভূত হয়েছে তাপমাত্রার চেয়েও বেশি।’
এ আবহাওয়াবিদ আরও বলেন, ‘শ্রাবণের শুরুতে বৃষ্টি না থাকায় এমন আবহাওয়া অস্বাভাবিক নয়।’
দেশের আবহাওয়া অধিদফতর বলছে, ‘বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে ঢাকায় বৃষ্টি হচ্ছে না। এ অবস্থা কাটতে আরও দু-একদিন সময় লাগতে পারে।’
আবহাওয়া অধিদফতর জানায়, এর আগে গত বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘণ্টার ব্যবধানে ঢাকার তাপমাত্রা বেড়েছে ৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদফতর আরও জানায়, আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ২২ মিনিটে।
উল্লেখ্য, ২০১৪ সালের ২২ এপ্রিল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা পাঁচ দশকের মধ্যে ছিল সর্বোচ্চ।