admin
প্রকাশ: ২০১৮-০৭-২১ ০০:৫১:১৩ || আপডেট: ২০১৮-০৭-২১ ০০:৫১:১৩

রাঙ্গুনিয়া প্রতিনিধি:
রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ সেলিম চৌধুরীর জানাজার নামাজ শুক্রবার (২০ জুলাই) সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়েছে। জানাজার নামাজে অংশ নিতে হাজারো মানুষের ঢল নেমেছে চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের চৌধুরী গোট্টা ইউনুছিয়া মাদ্রাসা মাঠে। নির্দিষ্ট সময়ের আগে কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠ।
সাংবাদিক, রাজনৈতিক, মানবাধিকারকর্মী ছাড়াও জানাজায় অংশ নিয়েছে বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ। জানাজায় অংশ নিতে আসা বিশিষ্টজনরা স্মৃতিচারণ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়েছেন।
জানাজায় অংশ নেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদেকুন নূর সিকদার, চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইদ্রিছ আজগর, অধ্যাপক কুতুব উদ্দিন প্রমুখ।
জানাজা শেষে তার নিজ গ্রাম পাঠানপাড়া এলাকার পারিবারিক কবরস্থানে সাংবাদিক সেলিমের লাশ দাফন করা হয়। ১৭ জুলাই রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি মো. সেলিম চৌধুরী (৬২) চিকিৎসার জন্য ভারতের এ্যাপোলো হাসপাতাল যাওয়ার পথে কলকাতা বিমান বন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে পাশের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার (১৯ জুলাই) রাতে তার লাশ রাঙ্গুনিয়া আনা হয়।