admin
প্রকাশ: ২০১৮-০৭-২২ ১১:৪৭:২১ || আপডেট: ২০১৮-০৭-২২ ১১:৪৭:২১

বীর কন্ঠ ডেস্ক :
সৌদি আরব থেকে এবার দেশে ফিরলেন ৩৪ নারী এবং ৬২ পুরুষ শ্রমিক। শনিবার রাত ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে ১৮ জন এবং রাত সাড়ে ১০টায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ১৬ জন নারী ও ৬২ জন পুরুষ শ্রমিক দেশে ফিরে এসেছেন।
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) জনশক্তি জরিপ কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, দুটি ফ্লাইটে ৩৪ জন নারী শ্রমিক দেশে এসেছেন। আমরা প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে যতটুকু সাহায্য করার করেছি।
জানা যায়, এর বাইরে আরও কিছু নারী শ্রমিক দেশে ফিরেছেন। তাদের সঙ্গে পাসপোর্ট থাকায় তারা ইমিগ্রেশন সম্পন্ন করে বের হয়ে গেছেন।
এদিকে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে দেশে ফিরেছেন ৬২ জন পুরুষ শ্রমিক। তবে তাদের ব্যাপারে কোনো হিসাব প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে পাওয়া যায়নি।
জানা গেছে, সৌদি আরবে নিয়োগকর্তাদের নির্যাতনের শিকার হয়ে শূন্য হাতে ফিরেছেন এসব শ্রমিক। এ সময় এদের সবার হাতে পুটলি আর চোখে-মুখে হতাশার ছাপ লক্ষ করা গেছে।
উল্লেখ্য, গত ৩ মে ৩৫ জন, ১২ মে ২৭ জন, ১৯ মে ৬৬ জন, ২৩ মে ২১ জন, ২৭ মে ৪০ জন এবং ৩ জুন ২৯ জন,১৮ জুন ১৬ জন এবং ১৯ জুন ২৭ জন এবং ২৬ জুন ২২ জন, ১০ জুলাই ৪২ জন নারী শ্রমিক দেশে ফিরেছেন।