admin
প্রকাশ: ২০১৮-০৭-২৪ ১৯:১৮:৪৭ || আপডেট: ২০১৮-০৭-২৪ ১৯:১৮:৪৭

বীর কন্ঠ ডেস্ক :
মৌসুমী বায়ুর প্রভাবে টানা বৃষ্টিতে পাহাড়ধসের আশঙ্কায় চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরে যেতে মাইকিং করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসকের স্টাফ অফিসার ও সহকারী কমিশনার রমিজ আলম মঙ্গলবার ভোর থেকে টানা বৃষ্টির পর বিকেলের দিকে নগরের টাইগার পাস, লালখান বাজার মতিঝর্ণা, আকবর শাহসহ বিভিন্ন পাহাড়ি এলাকায় মাইকিং করা হয়।
তিনি বলেন, ‘যেসব পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি রয়েছে সেসব এলাকায় জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লোকজনকে সরে যেতে বলা হচ্ছে। সরে যাওয়া লোকজনকে আশ্রয় করে দিতে সংশ্লিষ্ট এলাকার স্কুলগুলোকে জরুরি আশ্রয় কেন্দ্র ঘোষণা করে খুলে দেয়া হয়েছে।
সূত্র জানায়, নগরীর লালখান বাজার, টাইগারপাস, সিআরবি, মতিঝর্ণা, ফয়’স লেক, আকবর শাহ এলাকায় মোট ১৩টি পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি রয়েছে। এসব পাহাড়ের অধিকাংশেরই মালিক রেলওয়ে, ওয়াসা, সিটি কর্পোরেশনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান।
বর্ষার সময় পাহাড়ধসে প্রাণহানি ঠেকাতে গত ৮ মে পাহাড় ব্যবস্থাপনা কমিটির সভায় নতুন করে ঝুঁকিপূর্ণ পাহাড় ও বসতি চিহ্নিত করতে একটি কমিটি গঠন করা হয়। ২০০৭ সালের জুনে অতি বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরী ও আশপাশের এলাকায় পাহাড় ও ভূমিধসে ১২৭ জনের মৃত্যু হয়।