চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

হাসপাতাল-ক্লিনিকে সেবার মূল্য তালিকা টানানোর নির্দেশ হাইকোর্টের

প্রকাশ: ২০১৮-০৭-২৪ ১৭:৫৩:৫২ || আপডেট: ২০১৮-০৭-২৪ ১৭:৫৩:৫২

বীর কন্ঠ ডেস্ক :

দেশের সব বেসরকারি ক্লিনিক, হাসপাতাল, ল্যাবরেটরি ও ডায়াগনোস্টিক সেন্টারে সেবার মূল্য তালিকা ১৫ দিনের মধ্যে আইন অনুসারে টানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার রুলসহ এ আদেশ দেয়।

এ আদেশ পাওয়ার ১৫ দিনের মধ্যে বাস্তবায়ন করতে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যন্ড ডেন্টাল কাউন্সিলকে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া আদেশ পাওয়ার ৬০ দিনের মধ্যে ১৯৮২ সালের দা মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিস (রেগুলেশন) অর্ডিন্যান্স অনুযায়ী একটি নীতিমালা তৈরি এবং তা বাস্তবায়নের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করতে বলেছে আদালত।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী বশির আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী পরাগ।

সব হাসপাতাল এবং ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারের লাইসেন্স অনুমোদন, তাদের সেবার বিষয় তদারকি এবং নিয়ন্ত্রণের জন্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিস (রেগুলেশন) অর্ডিন্যান্স অনুসারে নীতিমালা তৈরির নির্দেশ কেন দেওয়া হবে না এবং সব জেলা সদরের হাসপাতালে ইনটেনসিভ করোনারি কেয়ার ইউনিট (আইসিউ), করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) স্থাপনের নির্দেশ কেন দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয়েছে রুলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *