বেলাল আহমদ
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-০৯-১২ ২১:৪৯:৪৮ || আপডেট: ২০১৮-০৯-১২ ২১:৪৯:৪৮
বান্দরবানের লামায় পারিবারিক কলহের জের ধরে আবুল কাসেম (২৮) নামে এক যুবক নিজ বসতবাড়িতে আত্মহত্যা করেছে। বুধবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। সে লামা পৌরসভার ৬নং ওয়ার্ড সাবেক বিলছড়ি পশ্চিম পাড়ার মৃত সৈয়দ জামালের ছেলে।
ফাঁসিতে ঝুলে আত্মহত্যার বিষয়টির সত্যতা নিশ্চিত করে লামা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লিয়াকত আলী জানান, খবর পাওয়া মাত্র আমরা ঘটনাস্থলে ছুটে যাই। ঘরের চালের সাথে কাপড় দিয়ে ফাঁসিতে ঝুলানো আবুল কাসেম এর লাশ উদ্ধার করে প্রাথমিক সুরহাতাল রিপোর্ট তৈরি করি। লাশটি লামা থানায় নিয়ে যাওয়া হচ্ছে। মরদেহ আগামীকাল ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হবে।
পার্শ্ববর্তীরা জানান, আবুল কাসেম পেশায় একজন ফার্ণিচার মিস্ত্রি। তার মো: কাইমুল ইসলাম সোহান (৩) নামে একটি ছেলে রয়েছে এবং বর্তমানে তার স্ত্রী কুলসুমা বেগম রেখা (২২) গর্ভবতী। স্ত্রীর সাথে আবুল কাসেমের সম্পর্ক ভাল ছিলনা। নিত্যদিন তাদের সংসারে ঝগড়া লেগেই থাকত। গত ঈদ-উল আযহার সময় কুলসুমা বেগম তার বাবা বাড়িতে গেলে সে থেকে আর স্বামীর বাড়িতে ফিরে আসেনি। স্ত্রী বাড়িতে ফিরে না আসায় আবুল কাসেম অভিমান করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে বলেছে স্থানীয়রা জানিয়েছেন।