আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-০৯-১৪ ১৮:৩৭:৩৮ || আপডেট: ২০১৮-০৯-১৪ ১৮:৩৭:৩৮
বীর কন্ঠ ডেস্ক :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতিসংঘ সদর দপ্তরে বিএনপি মহাসচিবসহ সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেছে সংস্থাটি। বৈঠকের গুরুত্বপূর্ণ বিষয় ছিল বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচনসহ দেশের মানবিক পরিস্থিতি এবং দলটির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির প্রসঙ্গ।
বৈঠক শেষে বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সাংবাদিকদের এসব বিষয় নিশ্চিত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা থেকে ঘণ্টাব্যাপী বৈঠকটি হয় জাতিসংঘের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল মিরোস্লাভ জেনকার সঙ্গে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে অনুষ্ঠিত এ বৈঠকে আরও ছিলেন- দলের সহআন্তর্জাতিক সম্পাদক হুমায়ুন কবির ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল। এছাড়া জাতিসংঘের চার উচ্চপদস্থ কর্মকর্তাও এ বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছেন, নির্বাচনের জন্য পরিবেশ সৃষ্টি করাই সবচেয়ে বড় কথা। নির্বাচনের পরিবেশ নিশ্চিত হলে সব দলই অংশগ্রহণ করবে। আর এই পরিবেশ সৃষ্টির দায়িত্ব সরকারের বলে মন্তব্য করেছেন তিনি।
তিনি আরও বলেন, জাতিসংঘের মহাসচিবের আমন্ত্রণে আমি এখানে এসেছি। এখানে আমাদের সিনিয়র নেতাদের সঙ্গে কথা হয়েছে।
উল্লেখ্য, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের আমন্ত্রণে বুধবার নিউইয়র্ক পৌঁছান বিএনপি মহাসচিব ও দলটির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল। এছাড়া লন্ডন থেকে যুক্তরাষ্ট্রে যান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা বিএনপির সহআন্তর্জাতিক সম্পাদক হুমায়ুন কবির।
এর আগে ২৪ আগস্ট জাতিসংঘ মহাসচিবের পক্ষে রাজনীতিবিষয়ক সহকারী মহাসচিব মিরোস্লাভ জেনকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বরাবর একটি চিঠি পাঠান। এতে জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের সময় বিএনপির নেতাদের সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় দুঃখ প্রকাশ করে দলের নেতাদের জাতিসংঘের সদর দপ্তরে আমন্ত্রণ জানান।
আগামী নির্বাচনে সহায়তা ও খালেদা জিয়াকে কারা অন্তরীণ রাখার বিষয়টি অবহিত করে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে ২৮ ফেব্রুয়ারি চিঠি দিয়েছিল বিএনপি। ওই চিঠি ছাড়াও নিয়মিতই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশে নিযুক্ত কূটনীতিকদের ব্রিফ করছে দলটি। সর্বশেষ গত মঙ্গলবার কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে তারা।