চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

চট্টগ্রামে শিবিরের ২৪ নেতাকর্মী আটক

প্রকাশ: ২০১৮-০৯-১৫ ১৯:৫৮:৩২ || আপডেট: ২০১৮-০৯-১৫ ১৯:৫৮:৩২

বীর কন্ঠ ডেস্ক :

চট্টগ্রাম মহানগরের ডিসি রোডস্থ ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের কার্যালয়, বাকলিয়া, চকবাজার, ডবলমুরিং ও পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ২৪ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশের দাবি, এরা সবাই ছাত্রশিবিরের নেতাকর্মী। তাদের কাছ থেকে ককটেল ও উসকানিমূলক বই পাওয়া গেছে।

গ্রেফতারদের মধ্যে সিএমপির বাকলিয়া থানা এলাকায় ১৪ জন, ডবলমুরিং থানা এলাকায় ৮ জন, চকবাজার থানা এলাকায় একজন ও পতেঙ্গা থানা এলাকায় একজন করে রয়েছে।

সিএমপির বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রণব কুমার চৌধুরী বলেন, নাশকতার পরিকল্পনার সময় কালামিয়া বাজার থেকে ৭ জন ও রসুলবাগ আবাসিক এলাকা থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের দেয়া স্বীকারোক্তি মতে ৪টি ককটেল, উসকানিমূলক বই ও লিফলেট উদ্ধার করা হয়।

সিএমপির চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, রাতে ডিসি রোডে শিবিরের কার্যালয়ে অভিযান চালানো হয়েছে। তবে কার্যালয়ে এবার কাউকে পাওয়া যায়নি। পরে চকবাজার থেকে এক শিবির কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

সিএমপির ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মহিউদ্দিন সেলিম বলেন, ব্যাংক কলোনি এলাকায় অভিযান চালিয়ে শিবিরের ৮ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

সিএমপির কর্ণফুলী জোনের সহকারী কমিশনার জাহেদুল ইসলাম বলেন, সিএমপির পতেঙ্গা থানা এলাকা থেকে একজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। একইসঙ্গে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য বলে জানান তিনি। সূত্র – পরিবর্তন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *