বীর কন্ঠ
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-০৯-১৬ ২২:০৮:১৯ || আপডেট: ২০১৮-০৯-১৬ ২২:১০:৪৪
রাঙ্গুনিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ল দুটি চালকল (রাইস মিল), একটি লাকড়ি মিল ও একটি ভাংগারির দোকান। গতকাল রোববার (১৬ সেপ্টেম্বর) উপজেলার পোমরা ইউনিয়নের শান্তির হাট বাজারে ভোর সাড়ে ৫টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের কর্মীরা ছুটে যান। ভয়াবহ আগুন দেখে তাঁরা চট্টগ্রাম কালুরঘাট ও কাপ্তাই ফায়ার সার্ভিসকে জানান। ৪টি ইউনিট প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন।
অগ্নিকান্ডে চার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।
ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক বলেন, “ বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে। মুহুর্তে আগুন মিলের চারপাশে ছড়িয়ে নাজিম উদ্দিনের মালিকানাধীন বার আউলিয়া অটো রাইসমিল, আবু জাফরের মালিকানাধীন সৈয়দ আবদুস সোবহান অটো রাইস মিল ও লাকড়ির মিল, পলাশ দে’র মালিকানাধীন মা এন্টারপ্রাইজ নামে একটি ভাংগারির দোকান মেশিনারীসহ সম্পূর্ণ পুড়ে যায়।
এছাড়াও পাশ্ববর্তী মো. আলী সওদাগরের মালিকানাধীন আল হুদা অটো রাইস মিলেও আগুনে আংশিক ক্ষতিগ্রস্ত হয়। দোকানের ভিতর ঘুমিয়ে থাকা শ্রমিকরা আগুন লাগার পর টের পেয়ে দৌড়ে বাইরে চলে গিয়ে মালিকদের জানান।
বার আউলিয়া অটো রাইসমিল মালিক নাজিম উদ্দিন বলেন, ‘ আগুনে রাইস মিলের মেশিন ছাড়াও প্রায় ৪ হাজার বস্তা ধান, ৮ শত বস্তা চাউলসহ আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে।’
সৈয়দ আবদুস সোবহান অটো রাইস মিলের মালিক আবু জাফর বলেন, ‘ রাইস মিল ও লাকড়ির মিল দুটোই আগুনে শেষ করে দিয়েছে। রাইস মিল, ধান-চাল সহ সব মিলিয়ে দেড় কোটি এবং লাকড়ির মিলসহ মালামাল মিলে প্রায় বিশ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
রাঙ্গুনিয়া চালকল শিল্প মালিক সমিতির সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী বলেন, “ আগুনে চালকল মালিকদের সব শেষ করে দিয়েছে। আগুনে চার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।”