আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-০৯-১৭ ১৬:৩২:৩৯ || আপডেট: ২০১৮-০৯-১৭ ১৬:৩৪:৪০
বীর কন্ঠ ডেস্ক :
কুমিল্লার মনোহরগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফ্লোর ধসে ৬ শিক্ষার্থী আহত হয়েছে। সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ক্লাস চলাকালীন এই ধসের ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাবেয়া বেগম জানান, বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান চলাকালে হঠাৎ শ্রেণিকক্ষের ১০ ফুট ফ্লোর ধসে নিচে পড়ে যায়।
এ সময় শ্রেণি কক্ষে থাকা তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মাহমুদা আক্তার, মরিয়ম আক্তার, তাজবিহা আক্তার, আশিকুর রহমান, মো. জিহাদ ও মো. সৌরভ গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনার খবর পেয়ে দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মো. হানিফ মিয়া ও মনির হোসেন। এ সময় তারা সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহবুব চৌধুরী বলেন, অনেক আগেই বিদ্যালয়ের ভবনটি পরিত্যাক্ত ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। নতুন একটি ভবন নির্মাণের আবেদন করে আসছি আমরা। কিন্তু কর্তৃপক্ষ তাতে সাড়া না দেয়ায় এই হতাহতের ঘটনা ঘটলো বলে জানান তিনি।