শংকর চৌধুরী
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-০৯-২২ ১৮:৪৭:১২ || আপডেট: ২০১৮-০৯-২২ ১৮:৪৭:১২
শংকর চৌধুরী,খাগড়াছড়ি॥
খাগড়াছড়ির মহালছড়িতে ঝুঁকিপূর্ণ চেঙ্গী বেলীব্রীজ ভেঙ্গে অতিরিক্ত পাথর বোঝাই ট্রাক নদীতে পড়ে গিয়ে মোঃ মমিন (৪০) মানে একজন শ্রমিক নিহত হয়েছে।
শনিবার ২২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টারদিকে জেলার মহালছড়ি থানা সংলগ্ন ফসারী ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। বিকল্প সড়ক না থাকায় ঘটনার পর থেকে মহালছড়ি উপজেলার সঙ্গে মুবাছড়ি ইউনিয়নের সাথে সকল প্রকার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
স্থানীয়দের সহায়তায় নদী থেকে ট্রাকচালকসহ চারজনকে উদ্ধার করা গেলেও মোঃ মমিন নামে এক শ্রমিক নিখোঁজ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অতিরিক্ত পাথর বোঝাই একটি ট্রাক মহালছড়ি চেঙ্গী ব্রীজের মাঝামাঝি আসার পর বেইলি ব্রীজের পাটাতন ভেঙে নদীতে পড়ে যায়। এসময় স্থানীয়দের সহায়তায় নদী থেকে ট্রাকের চালকসহ ৫ জনের মধ্যে চারজনকে উদ্ধার করা হয়েছে। ট্রাকে থাকা মোঃ মমিন নামে এক শ্রমিক নিখোঁজ হয়।
প্রত্যক্ষদর্শী সহীদুল ইসলাম বকুল বলেন, স্থানীয়রা নদীতে অনেক্ষণ খোঁজাখোঁজি করেও মমিনকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিস একটি টিম ঘটনাস্থলে এসে নদীতে পড়ে যাওয়া ট্রাকটির নিচে চাপা পরে থাকাবস্থা থেকে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার করে।
মহালছড়ি সদর ইউপি চেয়াম্যান রতন শীল জানান, স্থানীয় সরকার অধিদপ্তরের আওতাধীন এই ব্রীজ দিয়ে প্রতিদিন মুবাছড়ি ইউনিয়নসহ এলাকার হাজারো মানুষের যাতায়াত। ব্রীজটি ভেঙে যাওয়ার কারণে এ ইউনিয়নের প্রায় ৩০-৪০ হাজার বাসিন্দার উপজেলার সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়েগেছে।
ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান, খাগড়াছড়ি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আখতারুল আদনান আজম।
মহালছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরল আলম ফকির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অতিরিক্ত পাথর বোঝাই হওয়ার কারণে ব্রীজ ভেঙে ট্রাকটি নদীতে পড়ে যায়। ফায়ার সার্ভিসের ডুবুরী দল সকাল থেকে অনেক চেষ্ঠার পর বিকেল ৫টায় নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার করে। তার পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্ত করা হয়েছে। নিহত মমিন মহালছড়ির জয়সেন পাড়ার আনসার আলীর ছেলে বলেও জানান তিনি।