চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

শংকর চৌধুরী খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

পাহাড়ে শান্তির স্বপ্নদ্রষ্টা ‘মংসাজাই চৌধুরীর স্মরণে’ গুইমারায় স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

প্রকাশ: ২০১৮-০৯-২৬ ২১:৫২:২০ || আপডেট: ২০১৮-০৯-২৬ ২১:৫২:২০

শংকর চৌধুরী,খাগড়াছড়ি॥

পাহাড়ে শান্তি স্থাপনের স্বপ্নদ্রষ্টা, গুইমারা ও হাফছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত মংসাজাই চৌধুরীর  স্মৃতি স্মরণে শুরু হয়েছে অনুর্ধ্ব-১৮ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ ২০১৮। মঙ্গলবার ২৫ সেপ্টেম্বর বিকেলে গুইমারা উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীত ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন, প্রয়াতের পুত্র খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী।

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার অন্যতম স্বপ্নদ্রষ্টা অপহৃত বাবার স্মরণে ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করায় গুইমারাবীকে ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, পাহাড়ের শান্তি প্রতিষ্ঠায় স্বর্গীয় বাবা মংসাজাই চৌধুরী ছিলেন অকুতোভয় সৈনিক। নিজেদের পরিবারের চার সদস্য পাহাড়ের শান্তি প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলেন। পাহাড়ে বসবাসকারী পাহাড়ী-বাঙ্গালী জনগোষ্ঠির আস্থা ও ভরসাস্থল ছিলেন আমার বাবা। বাঙ্গালীদের কাছে তিনি ছিলেন অধিক জনপ্রিয়। আর এটাই ছিল পাহাড়ের দুস্কৃতকারীদের কাছে স্বর্গীয় মংসাজাই চৌধুরীর অপরাধ। তিনি বলেন, ১৯৮৯ সালের ১৩ জানুয়ারী রাতে নিজ বাড়ি থেকে অপহরন করে, পাহাড়ের স্বশস্ত্র দুস্কৃতকারীদের একটি দল। এরপর দুই যুগেরও বেশী সময় পেরুলেও তাকে আর ফিরে পায়নি তার স্বজন-পরিবার।

উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (যুগ্ম-সচিব) মো: নুরুজ্জামান, সিন্ধুকছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া ও খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। স্বর্গীয় মংসাজাই চৌধুরী গোল্ডকাপ ফুটবল টুর্নমান্টের (অনুর্ধ্ব-১৮) পরিচালনা কমিটির আহবায়ক চাহলাপ্র“ মারমা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

গুইমারা উপজেলার ১৮টি দল নিয়ে শুরু হওয়া ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে গুইমারাবাসী তাদের আস্থা ও ভরসার প্রতীক মংসাজাই চৌধুরীকে স্মরন করে যে উদার মানসিকতার বহি:প্রকাশ ঘটিয়েছে তার জন্য ধন্যবাদ জানিয়ে পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (যুগ্ম-সচিব) মো: নুরুজ্জামান বলেন, যে দেশ বীরকে স্মরণ করতে পারেনা সে দেশে কখনো বীরের জন্ম হয়না, যে সমাজ গুনীর কদর করতে পারেনা, সে সমাজে কখনো গুনীর জন্ম হয়না। শান্তি প্রতিষ্ঠার পথে আত্মোৎস্বর্গকারী স্বর্গীয় মংসাজাই চৌধুরীর নামে সড়কসহ গুরুত্বপুর্ণ স্থাপনার নামকরণের দাবী জানান খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়–য়া। এসময় গুইমারা কলেজের অধ্যক্ষ মো: নাজিম উদ্দিন, গুইমারা থানার অফিসার ইনচার্জ মো: গিয়াসুদ্দিন, গুইমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেমং মারমা, হাফছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী ও সিন্ধুকছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেদাক মারমা প্রমুখ উপস্থিত ছিলেন।

নক আউট পদ্ধতির এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশ নেয় গুইমারা কলেজ একাদশ বনাম গুইমারা বাজার একাদশ। খেলায় গুইমারা বাজার একাদশ ১-০ গোলে জয় লাভ করেন। খেলা চলবে আগামী ৯ অক্টোবর পর্যন্ত। বিজয়ী দলকে ৫০ হাজার টাকা এবং রানার্স আপ দলকে ২৫ হাজার টাকা প্রদান করা হবে বলে জানা গেছে।

এর আগে গুইমারা উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠান ও ১০টি সামাজিক প্রতিষ্ঠানকে ক্রীড়া ও সংগীত সামগ্রী বিতরণ করেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী।

প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্বৃদ্ধি ও উন্নয়নের অন্যতম রূপকার স্বর্গীয় মংসাজাই চৌধুরীকে ১৯৮৯ সালের ১৩ জানুয়ারী রাতে নিজ বাড়ি থেকে অপহরন করে পাহাড়ের স্বশস্ত্র দুস্কৃতকারীদের একটি দল। এরপর দুই যুগেরও বেশী সময় পেরুলেও তাকে আর তার পরিবার-স্বজনরা ফিরে পায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *