প্রকাশ: ২০১৮-০৯-২৬ ২১:৩৯:৪৯ || আপডেট: ২০১৮-০৯-২৬ ২১:৩৯:৪৯
রাঙ্গুনিয়া প্রতিনিধি :
রাঙ্গুনিয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল করে বসতঘর নির্মানের অভিযোগে নির্মান কাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। জব্দ করা হয়েছে স্থাপনার নির্মান সামগ্রী।
বুধবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে পোমরা ইউনিয়নের বাচা শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান গিয়ে কাজটি বন্ধ করে দেন। এসময় রাঙ্গুনিয়া থানা পুলিশ, বন বিভাগের কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা ভূমি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিজিয়া বেগম বলেন, ‘স্থানীয় কিছু লোকজন দীর্ঘাদিন ধরে জায়গাটি তাঁদের বন্দোবস্তী জায়গা দাবি করে দখল করতে পাঁয়তারা করে আসছে। বিভিন্ন সময়ে জায়গাটি দখল করতে স্কুল শিক্ষক ও শিক্ষার্থীদের যাতায়তে বাধা প্রদান করছেন। দখলের বিষয়টি বনবিভাগের সহযোগিতায় প্রশাসনকে জানানো হয়। ’
ইউএনও মো. মাসুদুর রহমান জানান, ‘স্কুলের জায়গা দখলের বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষ আমাকে জানালে আমি ঘটনাস্থলে গিয়ে নির্মান কাজ বন্ধ করে দিই। বিষয়টি আইনগতভাবে ফয়সালা না হওয়া পর্যন্ত স্কুলের জায়গায় নির্মান কাজ বন্ধ থাকবে। ’