চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

অধীর বড়ুয়া বোয়ালখালী প্রতিনিধি

চাচাত ভাইয়ের বিয়ে  খাওয়া হল না অভির

প্রকাশ: ২০১৮-০৯-২৭ ১৭:২৩:৪৯ || আপডেট: ২০১৮-০৯-২৭ ১৭:২৩:৪৯

অধীর বড়ুয়া, বোয়ালখালীঃ

বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী দত্তপাড়ার অভি চাচাতো ভাইয়ের বিয়ে খেতে পারলো না।  ২৭ সেপ্টেম্বর রাতে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে বিয়ের দিন ধার্য ছিল অভি দত্তের চাচাতো ভাই নান্টু দত্তের।

অতিথিদের আমন্ত্রণ পর্বও ইতিমধ্যে শেষ। এর মধ্যই বুধবার রাতে খবর এলো অভি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। পণ্ড হয়ে যায় সব আনন্দ। আয়োজন পরিণত হয় শোকে।

বুধবার রাত ১১টার দিকে নগরীর ষোলশহর দুই নাম্বার গেইটের কাছে আখতারুজ্জামান উড়াল সেতুতে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক অভি দত্ত (৩০) নিহত হন।এছাড়া আরো ৩ জন আহত হয়।

নিহত অভি বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী দত্তপাড়ার মৃত সাধন দত্তের ছেলে। চার ভাই-বোনের মধ্য অভি সবার ছোট। সে নগরীর আগ্রাবাদ কণর্ফুলী মার্কেট অভি মোবাইল সার্ভিসিংয়ের স্বত্ত্বাধিকারী।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনেস্টেবল শীলব্রত বড়ুয়া জানান, সড়ক দুর্ঘটনায় আহত ৩ জনকে হাসপাতালে আনা হলে অভিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকী ২ জন হাসপাতালে ভর্তি আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দু’টি প্রাইভেটকার জিইসি থেকে বেপোরোয়া গতিতে বহদ্দার হাটের দিকে যাচ্ছিল। উড়াল সেতুতে দু’টি কার প্রতিযোগিতার সময় একটি আরেকটিকে ওভারটেক করতে গিয়ে জি-সুপার প্রিমিউ প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি অন্তত ৫০ হাত দূরে গিয়ে ছিটকে পড়ে ও কারটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। মোটরসাইকেলের চালকসহ ৩ আরোহী গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে অভিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

অভির কাকা মৃদুল দত্ত জানান, বিয়ের আয়োজন নিয়ে ব্যস্ত ছিলাম। সকল প্রস্তুতি শেষ করে রাত ১২টার সময় বাড়ি ফিরলাম। এর মধ্যেই খবর আসে অভি আর নেই।

বৃহস্পতিবার দুপুরে বাড়িতে অভির মরদেহ এসে পৌঁছালে এক হৃদয় বিধারক দৃশ্যের পরিণত হয়। ধর্মীয় রীতি অনুযায়ী নিজ বাড়ির পারিবারিক শশ্মানে অভির শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *