আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-০৯-২৭ ২৩:৫১:০৯ || আপডেট: ২০১৮-০৯-২৭ ২৩:৫১:০৯
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :
পটিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাসেলুল কাদের বলেছেন, তথ্য অধিকার আইন সঠিকভাবে বাস্তবায়িত হলে সমাজ থেকে দুর্নীতি অনেকাংশে কমে যাবে। তিনি বলেন, তথ্য অধিকার আইন প্রণয়ন বর্তমান সরকারের একটি যুগান্তকারি কাজ। তাই এই আইনের কার্যকর বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে। তিনি ২৭ সেপ্টেম্বর পটিয়া উপজেলায় আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে র্যালি ও মানববন্ধনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। “তথ্যের অধিকার, সুশাসনের হাতিয়ার, তথ্যই শক্তি, দুর্নীতি থেকে মুক্তি” এই স্লোগানে দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র সহায়তায় পটিয়া উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) যৌথভাবে উক্ত কর্মসূচির আয়োজন করে। বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বর্ণাঢ্য র্যালী উপজেলা প্রশাসনের গেইটে বিশাল মানববন্ধন রচনা করে। মানববন্ধনে উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আরো বলেন, তথ্য অধিকার আইন, ২০০৯ বাস্তবায়নে সরকার কাজ করছে। তিনি বলেন, দুর্নীতি দেশের কমবেশী সকলেই করে। কিন্তু শুধু সরকারি কর্মকর্তাদের দিকে অঙ্গুলি নির্দেশ করা ঠিক নয়। দেশের রাজনীতিবীদ, ব্যবসায়ী থেকে শুরু করে সব শ্রেণী-পেশার মানুষ দুর্নীতি করে। তাই প্রত্যেককে আগে নিজেকে বদলাতে হবে। নিজের পরিমন্ডলে একটি সৎ ও স্বচ্ছ ব্যবস্থা গড়ে তুলতে পারলে দেশ আস্তে আস্তে দুর্নীতির কলংক থেকে বের হয়ে আসবে। তাই দুর্নীতিমুক্ত সেবা প্রদানে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তথ্য অধিকার আইন সম্পর্কে সাধারণ মানুষ সচেতন হলে দুর্নীতি অনেকাংশে কমে যাবে। তাই তথ্য অধিকার আইনের কার্যকর বাস্তবায়নে সকলকে আন্তরিক হতে হবে এবং সরকারি-বেসরকারি পর্যায়ে সকলকে একযোগে কাজ করতে হবে। এ উপলক্ষে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পটিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাসেলুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সনাক সহ-সভাপতি অধ্যাপক অজিত কুমার মিত্র, অ্যাড. বদিউল আলম প্রমুখ। অনুষ্ঠানে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন ও কুইজ পরিচালনা করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার মো: জসিম উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু ইউসুফ মো: ওয়াহিদ উল্লাহ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো: আলমগীর, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোমেন বড়ুয়া, সহকারি প্রোগ্রামান সুলতানা রাজিয়া, সনাক সদস্য আবদুর রাজ্জাক, শীলা দাশ, টিআইবি’র প্রোগ্রাম ম্যানেজার গাজী গোলাম মোহাম্মদ প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১৫ জন শিক্ষার্থীকে পুরষ্কৃত করা হয়। প্রায় দু’শতাধিক লোক কর্মসূচিতে অংশগ্রহণ করেন।