চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

কক্সবাজারে ইয়াবা গডফাদারের গুলিবিদ্ধ মার্কিনের লাশ উদ্ধার

প্রকাশ: ২০১৮-০৯-২৯ ১৫:৫১:০৬ || আপডেট: ২০১৮-০৯-২৯ ১৫:৫২:৩৬

কক্সবাজারের কলাতলীর কাটা পাহাড় এলাকা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত টেকনাফের ইয়াবা গডফাদার শামসুল আলম মার্কিনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

মার্কিন গত দুদিন ধরে নিখোঁজ ছিলেন বলেও দাবি করেছেন তার ভাই আবদুস সামাদ। নিহত মার্কিন টেকনাফের সাবরাং ইউনিয়নের নয়াপাড়ার মৃত মৌলভী আলী হোছাইনের ছেলে।

কক্সবাজার সদর থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার জানান, কক্সবাজারের কলাতলী এলাকার কাটা পাহাড়ে একটি গুলিবিদ্ধ মরদেহ পড়ে রয়েছে-এমন খবর পেয়ে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে পুলিশ যায়। সেখান থেকে গুলিবিদ্ধ মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দেশীয় এলজি ও এক হাজার পিস ইয়াবাও জব্দ করা হয়েছে।

নিহত মার্কিনের ভাই আবদুস সামাদ জানান, গত দুদিন আগে কক্সবাজার যাওয়ার পথে নিখোঁজ হন তার ভাই শামসুল আলম মার্কিন (৪৮)। এরপর থেকেই তাকে বিভিন্ন জায়গায় খোঁজ করা হচ্ছিল। কক্সবাজারে কাটা পাহাড়ে মরদেহ পাওয়ার খবরে সদর হাসপাতাল মর্গে গিয়ে দেখা গেছে তিনিই নিখোঁজ মার্কিন।

টেকনাফ থানার ওসি রনজিত বড়ুয়া জানান, কক্সবাজারের কলাতলী থেকে উদ্ধার হওয়া মরদেহটি মার্কিনের বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা। তার বিরুদ্ধে ইয়াবা সংক্রান্ত ছয়টি মামলা রয়েছে।

মরদেহটি উদ্ধারের পর কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে কিছুই জানাতে পারেননি ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *