চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

গুজব ঠেকাতে আসছে পুলিশের নতুন ইউনিট: আইজিপি

প্রকাশ: ২০১৮-০৯-২৯ ১৮:৪৭:৩৪ || আপডেট: ২০১৮-০৯-২৯ ১৮:৪৭:৩৪

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ঠেকাতে পুলিশের নতুন একটি ইউনিট আসছে। ইউনিটটি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পেলেই আমরা ইউনিটটির মুখ দেখতে পাবো।’

শনিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরার এপিবিএন মাঠে বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ) ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, ‘আমাদের দক্ষ জনবল রয়েছে। এরইমধ্যে আমরা নিজেদের প্রস্তুত করছি। আমরা সক্ষমতা বৃদ্ধি করছি, সব কৌশল ও পর্যবেক্ষণের জন্য জনবলকে বিদেশে ট্রেনিংয়ে পাঠাচ্ছি।’

গুজব ও সাইবার অপরাধের জন্য পুলিশ হেড কোয়ার্টার্সে একটি সমন্বয় সেল গঠন করা হয়েছে জানিয়ে জাবেদ পাটোয়ারী বলেন, ‘এসব অপরাধের মামলা যাতে সবসময় মনিটর করা যায়, তা কয়েকদিন যাবতই করছি এবং কেন্দ্রীয়ভাবে পুলিশ হেড কোয়ার্টার্সে একটি সমন্বয় সেল করেছি।’

আইজিপি আরও বলেন, ‘গত ক’দিন আগে গার্মেন্টস সেক্টরে গুজব ছড়ানো হয়েছিল দু’জন তিনজন মারা গেছে বলে। অথচ সেখানে দু’জন নিখোঁজ হয়েছিল। ফলে সাধারণ লোকজন না বুঝেই মৃত্যুর গুজবে কান দিয়ে সংঘাতে জড়িয়ে পড়ে। এজন্য আমরা সর্তক রয়েছি যাতে ভবিষতে কেউ গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে।’

সারা বিশ্বেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সাইবার ক্রাইম বড় চ্যালেঞ্জ জানিয়ে আইজিপি বলেন, ‘আমরা আমাদের প্রস্তুত করছি, সাইবার ক্রাইম যাতে সঠিকভাবে মনিটর করতে পারি। ক্রাইমটা খালি চোখে দেখতে বুঝতে পারছেন না, তাইতো সবার কাছেই এটা বড় চ্যালেঞ্জ।’

বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এপিবিএনকে পরাজিত করে পঞ্চমবারের মতো শিরোপা জয় করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *