চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

মিরসরাইয়ে জঙ্গি আস্তানা: দুই জঙ্গির মরদেহ ও অস্ত্র উদ্ধার

প্রকাশ: ২০১৮-১০-০৫ ১২:৫০:৫২ || আপডেট: ২০১৮-১০-০৫ ১২:৫০:৫২

 

 

চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জে একটি ‘জঙ্গি আস্তানা’ ঘিরে র‌্যাবের অভিযানে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় এ অভিযান শুরু হলে গোলাগুলি ও বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

র‌্যাব জানিয়েছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠিক পাশে জোরারগঞ্জ থানার উত্তর সোনাপাহাড় গ্রামের একটি একতলা বাড়িতে এক নারী জঙ্গিসহ জেএমবির চার সদস্য অবস্থান করছে বলে তাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল।

অভিযানে গোলাগুলির কারণে রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল। ভোরের দিকে ওই বাড়িতে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটনার পর গোলাগুলি বন্ধ হয়ে যায়। পরে নিয়ন্ত্রিতভাবে আবার যানবাহন চলাচল শুরু হয়।

শুক্রবার সকাল ৯টায় ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়করণ দল গিয়ে আস্তানায় প্রবেশ করে সব বোমা একটি পরিত্যক্ত স্থানে নিয়ে একসঙ্গে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে।

বেলা পৌনে ১২টার দিকে র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, বাড়িটিতে দুটি মরদেহ পাওয়া গেছে। এছাড়া একটি একে-২২ রাইফেল, পাঁচটি অবিস্ফোরিত গ্রেনেড, তিনটি পিস্তল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

চৌধুরী ম্যানশন নামে ওই বাড়ির মালিক মাজহারুল হক অন্য এলাকায় এক বাড়িতে থাকেন। মাজহারুল ও বাড়ির কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে র‌্যাব।

তারা র‌্যাব কর্মকর্তাদের জানিয়েছেন- গত মাসের শেষে পাঁচ কক্ষের ওই বাড়ি ভাড়া দেয়ার সময় ভাড়াটিয়াদের জাতীয় পরিচয়পত্র রাখা হয়নি।

মুফতি মাহমুদ বলেন, আমাদের কাছে গোয়েন্দা তথ্যে চার জঙ্গি ছিল ওখানে। এদের মধ্যে একজন নারী জঙ্গি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *