চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

নির্বাচন ঠেকাতে নাশকতার পরিকল্পনা করছে বিএনপি: কাদের

প্রকাশ: ২০১৮-১০-০৬ ২০:০৭:২২ || আপডেট: ২০১৮-১০-০৬ ২০:০৭:২২

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন ঠেকাতে ২০১৪ সালের মতো ফের নাশকতার পরিকল্পনা করছে বিএনপি। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য আছে, ২০১৪ সালের মধ্যে যারা নাশকতার চেষ্টা করেছে বা পরিকল্পনা করেছে আইন- শৃঙ্খলা বাহিনী শুধু তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নিচ্ছে।

সপ্তাহব্যাপী আওয়ামী লীগের গণসংযোগের ষষ্ঠ দিনে শনিবার (০৬অক্টোবর) রাজধানীর চক বাজার সার্কুলার রোডে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কাদের। ঢাকা-৭ আসনের সাংসদ হাজি মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে প্রচারপত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।

কা‌দের ব‌লেন, বিএনপি নির্বাচন ঠেকাতে গোপনে নাশকতার প্রস্তুতি নিচ্ছে। “বিএনপি আন্দোলন নয়, বোমা-সন্ত্রাস ও নাশকতার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এবার নাশকতা করলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করা হবে।”

দশম সংসদ নির্বাচন বর্জনকারী দল বিএনপি আন্দোলনের চাপে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি মানতে সরকারকে বাধ্য করার হুঁশিয়ারি দিয়ে আসছে। ‘এক মাসের মধ্যে দেশের চেহারা বদলে যাবে’ বলে হুমকিও দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।

নিজের নির্বাচনী এলাকার প্রতিদ্বন্দ্বী মওদুদ সম্পর্কে কাদের বলেন, “মওদুদ সাহেব একজন বহুরূপী। কোন বাণী থেকে তিনি এটা পেয়েছেন? বিএনপি মওদুদের পরামর্শ যত শুনবে তত ডুববে।”

বিএনপি’র শাসনামলের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “তাদের আমলে পুরান ঢাকায় বিদ্যুৎ ২৪ ঘণ্টার মধ্যে ১৮ ঘণ্টাই থাকত না।” উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

কাদের ব‌লেন, “উন্নয়ন করতে হলে শেখ হাসিনার কোনো বিকল্প আছে? প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে ক্ষমতায় ফিরিয়ে আনলে পুরান ঢাকা আরও সমৃদ্ধ ও পরিচ্ছন্ন হবে। পুরান ঢাকা পুরান থাকবে না, নতুন রূপ ধারণ করবে।”

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে কাদের বলেন, ‘ক্ষমতায় থাকতে হাজার হাজার মানুষকে হত্যা করেছেন, অন্তঃসত্বা নারীদের নির্যাতন করেছেন। আমাদের অনেক নেতাকর্মী রাস্তায় নির্যাতনের স্বীকার হয়েছে। আওয়ামী লীগ আমলে বিএনপির কোন নেতাকে রাস্তায় ফেলে পেটানো হয়েছে?’

গত ১০ বছরে আওয়ামী সরকারের উন্নয়নও তুলে ধরেন ক্ষমতাসীন দলের নেতা। বলেন, ‘দেশের ৯ কোটি মানুষের হাতে ইন্টারনেট সেবা তুলে দেয়া হয়েছে। ১৪ কোটি মানুষের হাতে মোবাইল ফোন, দেশের প্রতিটি উপজেলায় ২০০ টির বেশি সেবা প্রদান করা হচ্ছে, বাংলাদেশের ব্যক্তিগত স্যাটেলাইট হয়েছে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *