চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

আমীর খসরুর জামিনের মেয়ার আরও ১৪ দিন বাড়লো

প্রকাশ: ২০১৮-১০-০৭ ১৮:০২:৫৩ || আপডেট: ২০১৮-১০-০৭ ১৮:০২:৫৩

বীর কন্ঠ ডেস্ক :

নিরাপদ সড়ক আন্দোলনে উসকানির অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিনের মেয়াদ আরও ১৪ দিন বাড়িয়েছেন আদালত।

রবিবার (৭ অক্টোবর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুনানি শেষে ২১ অক্টোবর পূর্ণাঙ্গ জামিন শুনানির আদেশ দেন আকবর হোসেন মৃধার আদালত।

এসময় নিরাপদ সড়ক আন্দোলনের সময় ফাঁস হওয়া আমীর খসরুর কথোপকথনের অডিও রেকর্ড শুনানির সময় উপস্থাপনের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে রাষ্ট্রের বিরুদ্ধে অন্তর্ঘাত ও ষড়যন্ত্রের চেষ্টার অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ (২) ধারা ও বিশেষ ক্ষমতা আইনের ১৫/৩ ধারায় গত ৪ আগস্ট বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর।

গত ২৯ জুলাই রাজধানীতে বাসচাপায় রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মিম ও আবদুল করিম রাজিব নিহতের ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা রাজপথে আন্দোলনে নামলে আমীর খসরুর সঙ্গে কুমিল্লায় অবস্থানরত নওমী নামে এক ছাত্রদল কর্মীর কথোপকথনের অডিও ক্লিপ ভাইরাল হয়।

ওই অডিও ক্লিপে আমীর খসরুর কণ্ঠে বলতে শোনা যায়, তিনি ওই কর্মীকে বলছেন ঢাকায় এসে লোকজন নিয়ে নেমে পড়তে। ওইদিনই ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে হামলা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *