চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

দেশের সকল টার্মিনালে ইলিয়াস কাঞ্চনকে অবাঞ্ছিত ঘোষণা

প্রকাশ: ২০১৮-১০-০৭ ১৫:৫০:০৭ || আপডেট: ২০১৮-১০-০৭ ১৫:৫০:০৭

বীর কন্ঠ ডেস্ক :

‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) সংগঠনের চেয়ারম্যান চলচ্চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনকে দেশের সকল পরিবহন টার্মিনালে অবাঞ্ছিত ঘোষণা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। রোববার রাজধানীর ফুলবাড়িয়া টার্মিনালে অনুষ্ঠিত সমাবেশ থেকে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা এ ঘোষণা দিয়েছেন।

সমাবেশ থেকে বক্তারা সড়ক পরিবহন আইন সংশোধনসহ সাত দফা দাবি মেনে নিতে সরকারকে আগামী ১২ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দেন। অন্যথায় ১৩ অক্টোবর থেকে সারাদেশে লাগাতার পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি দেন তারা।

এছাড়া সমাবেশে সড়ক পরিবহন আইন প্রণয়নের সঙ্গে সম্পৃক্ত লেখক সৈয়দ আবুল মকসুদ ও আইন সচিবের তীব্র সমালোচনা করেন পরিবহন নেতারা। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহসভাপতি সাদিকুর রহমান হিরু।

উল্লেখ্য, ১৯৯৩ সালে এক সড়ক দুর্ঘটনায় নিজের স্ত্রীকে হারানোর পর নিরাপদ সড়কের দাবিতে সোচ্চার হয়ে উঠেন চলচ্চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন। দেশজুড়ে সভা-সমাবেশ, মানববন্ধন এবং জনসচেতনতামূলক কর্মসূচি পালন করে জনগণকে এ ব্যাপারে সচেতন করে তোলেন তিনি। কিছুদিন আগে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনেও পাশে ছিলেন তিনি। এরপর থেকেই ইলিয়াস কাঞ্চনকে ক্ষুব্ধ হন পরিবহন মালিক-শ্রমিকরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *