প্রকাশ: ২০১৮-১০-০৭ ২০:৫৩:২৪ || আপডেট: ২০১৮-১০-০৭ ২০:৫৩:২৪
বীর কন্ঠ ডেস্ক :
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি-জামায়াত জোট দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করতে যাচ্ছে। এদের ষড়যন্ত্র প্রতিরোধ করতে হবে। এখন থেকে প্রতিটি ওয়ার্ড-থানার যুবলীগ নেতাকর্মীদের সর্তক থাকার নির্দেশ দিয়েছেন সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী।
রোববার বিকেলে রাজধানীর এজিবি কলোনীর ঈদগাহ মাঠে মহানগর দক্ষিণ যুবলীগের আলোচনা সভা ও গণসংযোগে তিনি এ নির্দেশ দেন।
ওমর ফারুক বলেন, ‘দুর্নীতি মামলার সাজাপ্রাপ্ত আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ইউনাইটেডের দাবি ছেড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হতে রাজি হলেন কী ষড়যন্ত্র করার জন্য, সে ব্যাপারে দেশবাসী ও সংগঠনের নেতাকর্মীদের সর্তক থাকতে হবে।’
তিনি বলেন, ‘বিএনপির রাজনীতি হচ্ছে শুধু খালেদা, তারেক জিয়া, ক্ষমতা আর সম্পদ। কিন্তু, আওয়ামী লীগের রাজনীতি শুধুই জনগণ। বিএনপি কি কখনো জনগণের কথা বলেছে? বিএনপি শুধু বলে গায়েবি মামলা। গায়েবি মামলা নয়, ষড়যন্ত্র মামলা আরো হবে।’
যুবলীগ চেয়ারম্যান আরো বলেন, ‘বিএনপি ক্ষমতা আসলে পদ্মা সেতুর কাজ বন্ধ হয়ে যাবে। আবার রাস্তাঘাটে পেট্রল বোমা মেরে মানুষ হত্যার উৎসব চলবে।’
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন এমপি, মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সংগঠনের সহ-সভাপতি মাইন উদ্দিন রানা, সোহরাব হোসেন স্বপন, সারোয়ার হোসেন মনা, আনোয়ার ইকবাল সেন্টু, সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভুইয়া, মাকসুদুর রহমান, দফতর সম্পাদক এমদাদুল হক এমরাদ প্রমুখ।