আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-১০-১২ ১৭:১৬:৫৪ || আপডেট: ২০১৮-১০-১২ ১৭:১৮:০১
বীর কন্ঠ ডেস্ক :
চট্টগ্রামের মুরাদপুরে গতকাল রাতে (১১ অক্টোবর) সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময়ের সময় আহত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) তিন সদস্যকে হেলিকপ্টারে করে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হচ্ছে। এ ছাড়া আহত র্যাবের আরেক সদস্যের চিকিৎসা চলছে চট্টগ্রামের সিএমএইচে। সূত্র – (প্রিয়.কম)
র্যাবের অাইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ জানান, গত রাতে চট্টগ্রামে সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময়কালে গুলিবিদ্ধ র্যাবের চার সদস্যের মধ্যে চট্টগ্রামের সিএমএইচে একজনের জনের অস্ত্রোপচার চলছে। অার অন্য তিনজনকে হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচে স্থানান্তরিত করা হচ্ছে।
মুফতি মাহমুদ অারও জানান, আহতদের দেখতে র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজির অাহমেদ বিকেলে সিএমএইচে যাবেন। ওই সময় সাংবাদিকের সঙ্গে র্যাবের ডিজি মতবিনিময় করবেন।
র্যাব সূত্রে জানা যায়, এর আগে ১১ অক্টোবর, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পাঁচলাইশ থানার মুরাদপুর রেলক্রসিং এলাকায় র্যাবের সঙ্গে গুলি বিনিময়কালে অসীম রায় বাবু নামের এক ব্যক্তির মৃত্যু হয়। নিহত অসীম মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে র্যাব।
র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ জানান, মাদক ব্যবসায়ীরা মুরাদপুর এলাকা দিয়ে আসছেন—এমন খবর পেয়ে র্যাব ওই এলাকায় তল্লাশি অভিযান চালায়। ওই সময় মুরাদপুর থেকে অক্সিজেন মোড়ের দিকে আসতে থাকা একটি প্রাইভেট কারকে থামার সংকেত দেয় র্যাব।
সংকেত পেয়ে গাড়িতে থাকা লোকজন র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়েন। জবাবে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে গাড়িতে থাকা কয়েকজন পালিয়ে যান। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করে র্যাব। পরে লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়।