কাইছার হামিদ
প্রকাশ: ২০১৮-১০-১৩ ১০:৪০:২২ || আপডেট: ২০১৮-১০-১৩ ১০:৪০:২২
বীর কণ্ঠ ডেস্ক:
আজ বিকল্পধারা বাংলাদেশ’র প্রেসিডেন্ট অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী (বি চৌধুরী) নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রক্রিয়া এবং বিএনপির সমন্বয়ে গঠিত ‘বৃহত্তর ঐক্য’ রূপরেখা ঘোষণা করা হবে।
গতকাল শুক্রবার (১২ অক্টোবর) সন্ধ্যায় যুক্তফ্রন্টের অন্যতম নেতা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের বাসায় বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের এ কথা জানান। বৈঠকে বৃহত্তর ঐক্য’র কর্মসূচি, নাম, লক্ষ্য ও ঘোষণার খসড়া চূড়ান্ত হয়েছে বলে জানান তিনি। আজ শনিবার আনুষ্টানিকভাবে রূপরেখা ঘোষনা করা হবে। এ রূপরেখা কেমন হবে তা নিয়ে আলোচনার ঝড় বইছে রাজনৈতিক অঙ্গনে।
মান্না বলেছেন, বৃহত্তর ঐক্য প্রক্রিয়ায় আমরা একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোচ্ছি। সেই লক্ষ্য অর্জনে কতগুলো বিষয়ে আমরা একমত হয়েছি।
তবে জাতীয় ঐক্য প্রক্রিয়ার অন্যতম নেতা গণফোরামের নির্বাহী সভাপতি এডভোকেট সুব্রত চৌধুরী বলেন, আমাদের আরেকটু হোমওয়ার্ক বাকি আছে। আরেক দফা বৈঠকে বসব। বাকি কাজ সেখানে সম্পন্ন হবে।
তিনি বলেন, আজকের বৈঠক মূলত বিগত বৈঠকের ফলোআপ। খুব শিগগরিই জোটের শীর্ষ নেতাদের আনুষ্ঠানিক বৈঠক হবে। সেখান থেকে নেওয়া সিদ্ধান্ত দেশবাসীকে জানিয়ে দেওয়া হবে।
এর আগে শুক্রবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টায় আ স ম আব্দুর রবের বাসায় বৈঠক শুরু হয়। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুক্তফ্রন্টের নেতা আ স ম আব্দুর রব, তানিয়া রব, মাহমুদুর রহমান মান্না, মাহি বি. চৌধুরী, জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা সুলতান মো. মনসুর, মোস্তফা মহসিন মন্টু, আ ব ম মোস্তফা আমীন ও সুব্রত চৌধুরী উপস্থিত ছিলেন।