কাইছার হামিদ
প্রকাশ: ২০১৮-১০-১৩ ১৫:০৪:৫৫ || আপডেট: ২০১৮-১০-১৩ ১৫:০৪:৫৫
কাইছার হামিদ-
জট লেগে গেছে বিএনপি, যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার বৃহত্তর ঐক্যের মধ্যে। ড. কামাল হোসেনের বাসায় বৃহত্তর ঐক্যের পূর্বনির্ধারিত আজকের বৈঠকটি বাতিল করা হয়েছে। বিএনপির সঙ্গে ছোট কয়েকটি রাজনৈতিক দলের বৃহত্তর ঐক্যের ভাগ্য কি ফাটল ধরলো?
বৈঠক বাতিল হলেও বিকালে ড. কামাল হোসেনের সঙ্গে কথা বলতে যাচ্ছেন যুক্তফ্রন্ট চেয়ারম্যান ড. বদরুদ্দোজা চৌধুরী। এ ব্যাপারে বি চৌধুরীর ছেলে ও বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মাহী বি চৌধুরী জানান, বিকাল ৩টার দিকে তারা বেইলি রোডে কামাল হোসেনের বাসায় প্রবেশ করবেন এবং ৪টায় সেখান থেকে বেরিয়ে সংবাদমাধ্যমে কথা বলবেন।
এদিকে যুক্তফ্রন্টের অন্যতম নেতা মাহমুদুর রহমান মান্না জানান, শনিবার (১৩ অক্টোবর) দুপুরে গণফোরামের সেক্রেটারি মোস্তফা মহসীন মন্টু তাকে ফোন করে বৈঠক বাতিলের কথা জানিয়েছেন। তিনি আরও জানান, ড. কামাল হোসেন বৈঠক বাতিল করেছেন।
কিন্তু কেন কামাল হোসেন বৈঠক বাতিল করেছেন, তার কোনও কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তবে যুক্তফ্রন্টের নেতারা মনে করছেন- বিকল্পধারাকে বাদ দিয়েই শেষ পর্যন্ত কামাল হোসেন, আ স ম রব ও মাহমুদুর রহমান মান্নাকে বিএনপির সঙ্গে দেখা যেতে পারে। এর আগে গত বৃহস্পতিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় রাজধানীর বেইলি রোডে ড. কামাল হোসেনের বাসায় ঐক্য প্রক্রিয়ার বৈঠক হওয়ার কথা থাকলেও তা বাতিল হয়ে যায়। ওই দিন রাতে আ স ম রবের বাসায় বৈঠকের কথা হয়, তবে পরে তাও বাতিল হয়।
এরপর শুক্রবার সাংবাদিকদের সামনেই মান্না বলেছিলেন, আগামীকাল (আজ শনিবার) পরবর্তী বৈঠকে জাতীয় ঐক্যের খসড়া চূড়ান্ত করা হবে।
ঐক্য প্রক্রিয়ার নেতাদের একটি ঘনিষ্ঠ সূত্র বলছে- বৃহত্তর জাতীয় ঐক্যের পক্ষ থেকে যেভাবে ৭ দাবি ও ১১ লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তাতে বাধ সেধেছেন বিকল্পধারার সভাপতি বি চৌধুরী। গতকাল শুক্রবারের বৈঠকে দলটির যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরীও আপত্তি তোলেন। প্রক্রিয়ার নেতারা বলছেন, শেষ পর্যন্ত বিকল্প ধারাকে বাদ রেখেই হয়তো ঐক্য প্রতিষ্ঠিত করতে হবে।
এর আগে শনিবার দুপুরের আগে পর্যন্ত দলগুলোর তরফে প্রত্যাশা ছিলো, দাবি-লক্ষ্য চূড়ান্তকরণ আর আগামী নির্বাচনকে সামনে রেখে কর্মসূচি নির্ধারণ হতে পারে বিকালের বৈঠক থেকে। কথা ছিলো বি চৌধুরী ও কামাল হোসেন আগে বসবেন এবং পরে ৫টার দিকে ঐক্যের নেতারা সবাই মিলে বসে সিদ্ধান্ত চূড়ান্ত করে গণমাধ্যমে ঘোষণা দেবে। খুব সম্ভবত এমনটি আর ঘটছে না বলে মনে করছেন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নেতাদের অনেকে।
জানা যায়, প্রত্যাশা নিয়ে বিকালে এক টেবিলে বসছেন বিএনপি, যুক্তফ্রন্ট-জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতারা। আজ শনিবার (১৩ অক্টোবর) বিকাল ৫টায় ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় এই বৈঠক শুরু হবে। এর আগে বিকাল ৪টার দিকে একান্তে আলোচনা সেরে নেবেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান বি চৌধুরী ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেন। এই বৈঠক থেকে কর্মসূচি নির্ধারণ ও দাবি-লক্ষ্য চূড়ান্ত করার আশা থাকলেও শেষ পর্যন্ত তা হচ্ছে কিনা, এ নিয়ে ঐক্য প্রক্রিয়ার উদ্যোক্তারা সন্দেহ প্রকাশ করেছেন।