প্রকাশ: ২০১৮-১০-১৪ ০১:০৭:২৫ || আপডেট: ২০১৮-১০-১৪ ০১:০৭:২৫
রাঙ্গুনিয়া প্রতিনিধি :
রাঙ্গুনিয়ায় পূজা পরিষদের সমাবেশে আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, ‘কোনো ধর্মে জুলুম করাকে সমর্থন করেনা। ধর্মের অপব্যাখ্যা দিয়ে জুলুম করা কোনো ধর্মের মর্মবানী নয়। সকল ধর্মের মর্মবানী মানুষের সেবা করা। আগে আমাদের ভাবতে হবে আমরা বাঙালী। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরে আসে। মুক্তিযুদ্ধের চেতনা ছিল অসম্প্রদায়িক দেশ গঠন করা। আওয়ামীলীগ সরকার মুক্তিযুদ্ধের এই চেতনা সমৃদ্ধ সাম্প্রদায়িকতা মুক্ত দেশ গঠন করতে কাজ করে যাচ্ছে।’ শনিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙ্গুনিয়া উপজেলা শাখার উদ্যোগে বর্ধিত সভা ও বস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলার ইছাখালী নূর জাহান কমিউনিটি সেন্টারে আয়োজিত সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি এডভোকেট পংকজ কুমার চৌধুরী। সাধারণ সম্পাদক শৈবাল চক্রবর্তীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি দিলীপ কুমার মজুমদার, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ভাইস চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য কামরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব, চট্টগ্রাম উত্তরজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অজিত কুমার শীল, পূজা পরিষদ নেতা মিল্টন মজুমদার, সুবেল কান্তি দে, মিল্টন চক্রবর্তী, উপাধ্যক্ষ দুলাল দাশ, সমীরন দেব নাথ, ডা. নিপল পাল প্রমুখ।