চট্টগ্রাম, , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মিজবাউল হক চকরিয়া অফিস

পেকুয়ায় ছিনতাইয়ের শিকার চীনা নাগরিক

প্রকাশ: ২০১৮-১০-১৬ ০০:৪৮:৩৬ || আপডেট: ২০১৮-১০-১৬ ০০:৪৮:৩৬

কক্সবাজারের পেকুয়ায় জাং চিং চু (৩২) নামের এক নারী চীনা নাগরিক ছিনতাইয়ের শিকার হয়েছেন। সোমবার (১৫অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সাঁকোর পাড় ষ্টেশনের পূর্বপাশে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা নগদ টাকা, একটি মোবাইল ও প্রয়োজনীয় কাগজপত্র সহ তার ব্যবহৃত ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়। পরে ঘটনাস্থল থেকে আক্রান্ত এ বিদেশী নাগরিককে উদ্ধার করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পেকুয়া থানার উপ পরিদর্শক (এসআই) আশিকুর রহমান বলেন, চীনা নাগরিক জাং চিং চু পেকুয়া চৌমুহনী থেকে টমটম অটোরিকশা যোগে চকরিয়া অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার সাঁকোর পাড় ষ্টেশনের পূর্বপাশে ছিনতাইকারীদের দ্বারা তিনি আক্রান্ত হন। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। তবে চায়নিজ ছাড়া অন্য কোন ভাষা বলতে বা বুঝতে পারছেন না তিনি। তাই কোথায় থেকে আসছিলেন বা যাবেন, সে ব্যাপারে কোন তথ্য দিতে পারছেন না। এব্যাপারে আমরা দোভাষীর সহযোগিতা নেয়ার চেষ্টা করছি।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন ভূঁইয়া বলেন, ভাষাগত সমস্যার কারণে তার কাছ থেকে কোন তথ্যই আমরা পাচ্ছি না। তবে ধারণা করা হচ্ছে পার্শ্ববর্তী উপজেলা মহেশখালীর মাতারবাড়িতে নির্মাণাধীন কয়লা বিদ্যুৎ কেন্দ্রে তিনি কর্মরত আছেন। এব্যাপারে খোঁজ-খবর নেয়া হচ্ছে। তিনি আরও বলেন, ছিনতাই ঘটনায় জড়িত সন্দেহে চীনা নাগরিককে বহনকারী টমটম গাড়ীর চালক এনামুল হককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের আটকে অভিযান চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *