বেলাল আহমদ
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-১৭ ১৫:৩১:৫৭ || আপডেট: ২০১৮-১০-১৭ ১৫:৩১:৫৭
বেলাল আহমদ:
বান্দরবানের থানচি উপজেলার দূর্গম রেমাক্রি ইউনিয়নের নাফাকুম এলাকা থেকে আরিফুল ইসলাম ফাহিম (২৭) নামে বুয়েটের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। তার বাড়ি ঢাকার ক্যান্টনমেন্টের কচুক্ষেত এলাকায় বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার দুপুরে স্থানীয়রা নাফাখুমের একটা খালের কিনারা থেকে তার লাশ উদ্ধার করেন।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আরিফুল হক মৃদুল জানান, থানচির দূর্গম রেমাক্রি থেকে নাফাকুম যেতে কয়েকটি খাল রয়েছে । আর এসব খালের উপর দড়ি ব্যবহার করে একপাশ থেকে অপর পাশে যেতে হয়।নাফকুমে যাওয়া ৬ জনের ওই পর্যটক দলের মধ্যে আরিফুল ইসলাম গোসল করার জন্য খালের উপরের দড়ি থেকে হঠাৎ লাফ দেয়, তার পরনে কোন লাইফ জ্যাকেট ছিল না । আর খালের অতিরিক্ত পানির স্রোতে সে ভেসে গিয়ে নিখোঁজ হয়। স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পুলিশ জানায়, সকালে বান্দরবান থেকে ৬ পর্যটক থানছিতে যান। এরা হলেন ঢাকার মহাখালির আবুল হাসনাত (২৬), বাড্ডার নিশাত পারভেজ অভি (২০), আরিফুল হাসান (২৭), বাড্ডার শামসুল করিম (২৮) খিলগাঁও এলাকার আসলাম রাকিব হাসান (২৮) ও বাসাবোর ফাহাদ বিন তৌহিদ (২৬)।
বান্দরবান বিজিবির সিইও মো. হাবিবুল হাসান পিএসসি বলেন, থানচির নাফা কুমে পানিতে পড়ে আরিফুল হাসান নামে এক যুবক মারা গেছেন। তার লাশ উদ্ধার করে থানচি নিয়ে আসা হচ্ছে।