প্রকাশ: ২০১৮-১০-১৭ ১৭:০৪:২৬ || আপডেট: ২০১৮-১০-১৭ ১৭:০৫:৫৬
রাঙ্গুনিয়া প্রতিনিধি :
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবৈধ বালু তোলার দায়ে দুটি খনন যন্ত্র পুড়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। জব্দ করে নষ্ট করে দেয়া হয়েছে বালু তোলার পাইপ ও সরঞ্জামাদি। বুধবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার লালা নগর ইউনিয়নের সৈয়দ নগর ও হোছনাবাদ ইউনিয়নের মোগলের হাট এলাকার তিন স্থানে সহকারি কমিশনার(ভূমি)ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম পূর্বিতা চাকমা এই অভিযান চালান। আদালতকে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া থানা পুলিশ।
নির্বাহী হাকিম পূর্বিতা চাকমা বলেন , উপজেলার পারুয়া ও হোছনাবাদ ইউনিয়নে খাল থেকে দীর্ঘদিন ধরে খনন যন্ত্র দিয়ে অবৈধভাবে বালু তোলার অভিযোগ রয়েছে। অভিযানে ৩টি স্থান থেকে দুটি বালু তোলার খনন যন্ত্র জব্দ করে পুড়িয়ে দেয়া হয়। নষ্ট করা হয় বালু তোলার পাইপ ও সরঞ্জামাদি। তবে এসময় বালু তোলার সাথে জড়িত কাউকে পাওয়া যায়নি। অবৈধ বালু তোলা বন্ধে উপজেলা প্রশাসন সবসময় তৎপর রয়েছে। ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।”