প্রকাশ: ২০১৮-১০-১৮ ২০:৫৭:৫৯ || আপডেট: ২০১৮-১০-১৮ ২০:৫৭:৫৯
আব্বাস হোসাইন আফতাব, রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়া রাঙ্গুনিয়ায় পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। তার নাম রাইসা সুলতানা মিম (৫)। সে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড খোরশেদ তালুক এলাকার ট্রাক চালক মোহাম্মদ রফিকের কন্যা সন্তান। বুধবার রাত ১০টার দিকে তার লাশ দাফন করা হয়েছে। নিহত শিশুর মামা মো. নেজাম উদ্দিন বলেন, ‘আমার ভাগনিদের বাড়ি দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড’র খোরশেদ তালুক এলাকায় হলেও তারা ইসলামপুর ইউনিয়নের গাবতল এলাকায় ভাড়া বাসায় থাকতো।
মঙ্গলবার (১৬ অক্টোবর) বিকাল ৪টার দিকে গাবতলের ভাড়া বাসার উঠানে খেলছিল শিশু রাইসা সুলতানা মিম। খেলার একপর্যায়ে সবার অজান্তে সে পাশের একটি পুকুরে পড়ে যায়। শিশুকে দেখতে না পেয়ে মা লাকি আক্তার খুঁজাখুঁজি শুরু করলে সাড়ে ৪টার দিকে পুকুরে তার কাপড় ভাসতে দেখে। পরে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী কাউখালী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিশু মিম দুই বোনের মধ্যে ছোট সন্তান।