প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-২০ ২৩:৫৯:৫৯ || আপডেট: ২০১৮-১০-২০ ২৩:৫৯:৫৯
প্রদীপ শীল, রাউজান:
দুই দিন মৃত্যুর সাথে পাঞ্জায় লড়ে না ফেরার দেশে চলে গেলেন রাউজানের ফখরুল ইসলাম (৩০)। বহুল আলোচিত তালাকপ্রাপ্ত স্ত্রী ও সাবেক শ্বাশুড়ী জবই করে আহত করে রাউজানের ফখরুল ইসলামকে।
শনিবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর খরব ছড়িয়ে পড়লে ফখরুল হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে এলাকাবাসী। বিক্ষোভে এলাকার শত শত মানুষ অংশগ্রহণ করে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে গহিরা চৌমুহনীতে অবস্থান নেয়। এসময় ফখরুল হত্যার বিচার দাবি করেন বিক্ষোভকারীরা।
গত বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় উপজেলার পৌরসভার গহিরা জনতা ব্যাংক সংলগ্ন আবু তাহের ভবনের তৃতীয় তলাস্থ তার সাবেক স্ত্রীর ভাড়া বাসার ছাদ হতে হাত-পা বাঁধা গলাকাটা অবস্থায় স্থানীয়রা উদ্ধার করেন। পরে উদ্ধারকারীরা তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে গহিরাস্থ জেকে মেমোরিয়াল হাসপাতাল পরে সেখান হতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পুলিশ ঘটনাস্থল হতে তার তালাকপ্রাপ্ত স্ত্রী ও শাশুড়ীকে আটক করেন।
শুক্রবার তার ছোট ভাই নুরুল ইসলাম বাদী হয়ে হত্যার চেষ্টায় একটি মামলা দায়ের করেছিলেন। নিহত ওই যুবক উপজেলার পৌর এলাকার ২নম্বর ওয়ার্ডের গহিরা মোবারকখীল গ্রামের শুক্কুর মিস্ত্রির বাড়ীর মো. তাজুল ইসলামের পুত্র।
রাউজান থানা পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এক বছর পূর্বে গহিরা ইউনিয়নের দলই নগর গ্রামের আবু বক্কর বাবুলের কন্যা উম্মে হাবিবা মায়ার (১৮) সাথে ফখরুল ইসলাম বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিগত ২ মাস পূর্বে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে স্থানীয়রা ওই বাসায় আগুন শিখা ও ধোঁয়া দেখে এগিয়ে আসেন। এবং তারা আগুন নিভাতে সক্ষম হলেও কিছু আসবাবপত্র পুড়ে যায়। এমতাবস্থায় চিৎকার শুনে ছাদে উঠে পা বাঁধা ও গলাকাটা অবস্থায় ফরুলকে উদ্ধার করে দ্রুত প্রথমে স্থানীয় একটি হাসপাতাল ও পরে সেখান হতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ফখরুলের তালাক প্রাপ্ত স্ত্রী উম্মে হাবিবা (১৮) ও শাশুড়ি রাশেদা আকতার (৪২) কে আটক করেছিলেন।
আহত ফখরুলের মা জাহানারা বেগম বলেন, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় আমার ছেলেকে ফোনে ডেকে নিয়ে যায়। পরে আমার কাছে খবর আসে আমার ছেলেকে জবেহ করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার সেকেন্ড অফিসার নুর নবী বলেন, শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফখরুল মারা গেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ফখরুলকে তার সাবেক স্ত্রীর ভাড়া বাসার ছাদ হতে গালাকাটা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছিল। এই ঘটনায় তার স্ত্রী ও শাশুড়িকে আটক করা হয়েছিল। ঘটনার পরদিন তার ছোট ভাই বাদী হয়ে মামলা দায়ের করেন।